চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৮৮৭ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বাজেট ঘোষণা করেন
ছবি: প্রথম আলো

২০২৩-২৪ অর্থবছরের জন্য ১ হাজার ৮৮৭ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। যা আগের অর্থবছরের তুলনায় ২৭৪ কোটি ১ লাখ টাকা কম। আগের অর্থবছরে (২০২২-২৩) মূল বাজেট ছিল ২ হাজার ১৬১ কোটি ২৭ লাখ টাকা।

আজ বুধবার চট্টগ্রামের আন্দরকিল্লার পুরোনো নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এই বাজেট ঘোষণা করেন। এটি বর্তমান মেয়রের তৃতীয় বাজেট। আজ একই সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের ১ হাজার ১৭৬ কোটি ২৮ লাখ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।

এবারের বাজেটে আয়ের মূল খাত ধরা হয়েছে নিজস্ব উৎস থেকে পাওয়া অর্থ। এই খাতে আয় ধরা হয়েছে ৯৫০ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে গৃহকর খাতে আদায়ের লক্ষ্যমাত্রা ৪৪৬ কোটি টাকা। এ ছাড়া উন্নয়ন অনুদান খাত থেকে ৮৯৪ কোটি টাকা প্রাপ্তির আশা করছে সিটি করপোরেশন।

এবার বেশি অর্থ ব্যয় হবে উন্নয়ন খাতে। ৯৪২ কোটি টাকার উন্নয়নকাজ করার পরিকল্পনা রয়েছে সিটি করপোরেশনের। বেতন, ভাতা ও পারিশ্রমিক খাতে ব্যয় হবে ৩১০ কোটি টাকা।

এবারের বাজেটে জলাবদ্ধতা নিরসন কাজের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ রেখেছে সিটি করপোরেশন। আর মশকনিধন কার্যক্রমে খরচ করবে ৫ কোটি টাকা। এ ছাড়া বকেয়া দেনা পরিশোধে খরচ হবে ১২৫ কোটি টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। বাজেট বিবরণী উপস্থাপন করেন সিটি করপোরেশনের অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. ইসমাইল। তিনি সিটি করপোরেশনের কাউন্সিলর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ, ভারপ্রাপ্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।