মৃত ঘোষণার পর নড়ে ওঠা নবজাতকটি মারা গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবজাতক
প্রতীকী ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃত ঘোষণা করার পর বাড়িতে নেওয়ার পথে নড়ে ওঠা নবজাতকটি মারা গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ড থেকে নবজাতকটিকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম প্রথম আলোকে আজ বুধবার এ খবর নিশ্চিত করেন।

এর আগে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নবজাতকটিকে মৃত ঘোষণা করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ড। দেওয়া হয় মৃত্যুর সনদ। পরে বাড়ি নেওয়ার পথে নবজাতকটি নড়ে উঠলে বেলা দুইটার দিকে আবারও ওই হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রাখা হয় আইসিইউতে। পরে রাত ১২টার দিকে নবজাতককে মৃত ঘোষণা করা হয়।

নবজাতকের স্বজন আকরাম হোসেন আজ বলেন, গতকাল রাত সোয়া তিনটার দিকে নবজাতকটিকে দাফন করা হয় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বর্মা গ্রামে। নবজাতকটি ওই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম ও হালিমা খাতুন দম্পতির সন্তান ছিল। গত রোববার হাসপাতালে নবজাতকের জন্ম হয়। মাতৃগর্ভে সাত মাস থাকার পর নবজাতকটির জন্ম হয়। নানা জটিলতা থাকায় নবজাতককে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

নবজাতকের বাবা মো. সাইফুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যে চলে যাওয়ার সে চলে গেছে। এ নিয়ে আমি আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। এ ঘটনায় আমরা শোকাহত। আমরা অসুস্থ হয়ে পড়েছি।’

সাইফুল ইসলাম ত্রিশালের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। দুই বছর আগে তাঁদের এক সন্তান জন্মের পরপর মারা যায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম জানান, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ঘটনায় কারও কোনো অবহেলার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।