ডেঙ্গুতে আক্রান্ত মেয়ের জন্য বাবার দৌড়ঝাঁপ 

মেয়েকে সুস্থ করার প্রাণান্ত চেষ্টার সঙ্গে যোগ হয়েছে চিকিৎসার খরচ জোগাড় করা নিয়ে চিন্তা। 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাশায়ী হয়েছে মেয়ে রিয়া মনি। পাশে বসে সেবাযত্ন করছেন বাবা মহিদুল ইসলাম। গতকাল দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে
ছবি: প্রথম আলো

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের শয্যায় শুয়ে আছে রিয়ামণি (৯)। ঠিকমতো কথা বলার শক্তি নেই তার। অপর একটি শয্যায় বসে আছে রিয়ামণির ছোট বোন মায়িশা (৭)। মেয়েকে ওষুধ খাওয়ানো, খাবারের ব্যবস্থা করাসহ যাবতীয় সেবা করছেন বাবা মহিদুল ইসলাম (৪৬)। মেয়েকে সুস্থ করার প্রাণান্ত চেষ্টার সঙ্গে যোগ হয়েছে চিকিৎসার খরচ জোগাড় করা নিয়ে চিন্তা। সবকিছু মিলিয়ে হিমশিম অবস্থায় পড়েছেন মহিদুল।

মহিদুলের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জের নুরপুর এলাকায়। ১৫ সেপ্টেম্বর সকালে মেয়েকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। জানান, ১৩ সেপ্টেম্বর মেয়ের গায়ে প্রচণ্ড জ্বর ছিল। ঠিকমতো খেতে পারছিল না। সারা শরীরে ব্যথা অনুভূত হচ্ছিল। পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করে জানতে পারেন, মেয়ের ডেঙ্গু হয়েছে।

মহিদুল সিএনজিচালিত অটোরিকশা চালান। ঢাকার রামপুরা এলাকায় থাকেন। চলতি মাসের শুরুর দিকে বাড়িতে আসেন। এর কয়েক দিন পরই মেয়ে হঠাৎ জ্বরে পড়ে। মহিদুলের ধারণা, তিনি যেহেতু ঢাকা থেকে এসেছেন, হয়তো তাঁর মাধ্যমেই মেয়ের কাছে জীবাণু এসেছে। তবে তাঁর নিজের জ্বর হয়নি। মহিদুল জানান, তিন মেয়ে তাঁর। বড় মেয়ে নবম শ্রেণিতে পড়ে। তাকে বাড়িতে একা রেখে অসুস্থ মেয়ের পাশে থাকা সম্ভব হচ্ছে না স্ত্রীর। তাই ছোট দুই মেয়েকে সঙ্গে নিয়ে হাসপাতালে সাত দিন ধরে কাটছে তাঁর। মহিদুল বলেন, ‘বাড়িতে বড় মেয়েটা আছে। বোনের জন্য সে কান্নাকাটি করছে। এদিকে হাসপাতালে মেয়ের পাশে মা নেই। আমাকেই মায়ের ভূমিকা পালন করতে হচ্ছে। ছোট মেয়েটাকে সঙ্গে রেখেছি। হাতে যা টাকাপয়সা ছিল, এই কয়েক দিনে শেষ হয়েছে। মেয়েকে ভালোমন্দ খাওয়াতেও পারছি না।’

কথা বলতে বলতে মহিদুল একবার অসুস্থ মেয়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন, আরেকবার ছোট মেয়ের ক্ষুধা লেগেছে কি না, জিজ্ঞাসা করছেন। দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে নিচতলায়, জরুরি বিভাগের পাশে। পুরুষ, নারী ও শিশুদের জন্য পৃথক ওয়ার্ড করা হয়েছে। গতকাল ‍বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল ঘুরে দেখার সময় মহিদুলের সঙ্গে কথা হয়। এদিন মোট ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে ১৩ জন পুরুষ, ২ জন নারী ও ১টি শিশু। সব শয্যাতেই রোগীদের সুরক্ষার জন্য মশারির ব্যবস্থা থাকলেও অধিকাংশ রোগী মশারি টানাচ্ছেন না।

কর্তব্যরত কয়েকজন নার্স বলেন, রোগীদের সব সময় মশারির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। কারণ, আক্রান্ত ব্যক্তিকে কামড়ানো কোনো ‍মশা যদি সুস্থ ব্যক্তিকে কামড়ায়, তাহলে সুস্থ ব্যক্তিরও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

জেলা সিভিল সার্জন এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী জানান, জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে গতকাল পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৩৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন। অন্যরা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। সিভিল সার্জন জানান, অধিকাংশ ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি ঢাকাফেরত। তবে স্থানীয়ভাবেও দুজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের। হাসপাতালে নারী, পুরুষ ও শিশুদের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। এখানে ২০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু রয়েছে। তবে এখনো আক্রান্ত কারও পরিস্থিতি জটিল হয়নি।

হাসপাতালের শিশুবিশেষজ্ঞ ফাতিমা ফারজানা বলেন, এখন মৌসুম পরিবর্তনের সময়। মশারির ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।