সাভারে বাসে আগুন দিল ‘যাত্রীবেশে থাকা’ দুর্বৃত্তরা
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সাভার উপজেলার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ৈপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে চন্দ্রা থেকে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বাসটি আশুলিয়ার বাড়ৈপাড়া এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা বাসের পেছনের অংশে আগুন লাগিয়ে দেয়। এরপর তারা আগুন আগুন বলে চিৎকার করে দ্রুত বাস থেকে নেমে যায়। পরে বাসের চালক ও চালকের সহকারী স্থানীয় ব্যক্তিদের সহায়তায় আগুন নেভান। আগুনে বাসটির পেছনের বেশ কয়েকটি আসন পুড়ে গেছে।
বাসচালকের সহকারী মনিরুল ইসলাম বলেন, ‘বাসে ১০ থেকে ১২ যাত্রী ছিলেন। আগুন দেখতে পেয়ে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় নিজেরাই আগুন নিভিয়ে ফেলেছি।’
অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় ব্যক্তিদের আগুন নেভানোর তথ্য জানান জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের (ঢাকা অঞ্চল-৪) উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন।
আশুলিয়া থানার উপপরিদর্শক সাদরুজ জামান বলেন, বাসটিতে যাত্রীবেশে থাকা কয়েকজন দুর্বৃত্ত আগুন দিয়ে নিজেরাই আগুন আগুন বলে বাস থেকে নেমে যায়। আগুনে বাসের পেছনের কয়েকটি আসন পুড়ে গেছে। চালক ও চালকের সহকারী স্থানীয় ব্যক্তিদের সহায়তায় দ্রুতই আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।