অজপাড়াগাঁয়ের একটি বাড়ি। চারপাশে গাছগাছালির ঝোপঝাড়। তার পাশে খড়ের ছাউনির ছোট একটি ঘর। ভেতরে এক পাশে ২৫-৩০টি প্লাস্টিকের টব। অন্য পাশে একাধিক বীজ ধানের বস্তা। মেঝেতে প্লাস্টিকের বড় একটি ড্রামে রাখা হয়েছে দীর্ঘ ১৭ বছরের সঞ্চিত ২৭০ ধরনের ধানের গুচ্ছ (স্যাম্পল)। কাগজে মোড়ানো ধানের গোছায় লেখা ধানের জাত, উচ্চতা, সময় ও ধরন।
এটি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী চাটকিয়া গ্রামের কৃষক সেন্টু কুমার হাজংয়ের ধানের গবেষণাগার। এখানে রয়েছে ২৩ ধরনের ধান। যার সবই ওই কৃষক নিজে সংকরায়ণ করে বের করেছেন। ১৭ বছর ধরে একের পর এক ধানের নতুন ধরন কৃষকের হাতে তুলে দিচ্ছেন তিনি। সেন্টুর ধানের ফলন সাধারণ ধানের প্রায় দ্বিগুণ।
বাড়ির আঙিনায় ছোট গবেষণাগারটিতে দেশি জাতের ধানের সঙ্গে অন্য একটি দেশি জাতের সংকরায়ণ ও পরাগায়ন করে তিনি নতুন নতুন ধানের সন্ধান দিচ্ছেন। সরকারিভাবে তাঁর ধানগুলো নিয়ে মাঠপর্যায়ে কোনো পরীক্ষা–নিরীক্ষা হয়নি। কোনো স্বীকৃতিও পাননি। কিন্তু নালিতাবাড়ীসহ আশপাশের বিভিন্ন উপজেলায় কয়েক হাজার একর জমিতে কৃষক তাঁর ধান চাষ করে লাভবান হচ্ছেন।
ধানের নতুন কোনো জাতের স্বীকৃতি পেতে হলে কিছু নিয়ম আছে উল্লেখ করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, একজন কৃষক জাত উদ্ভাবন করতে পারেন। বিভিন্ন স্থানে পরীক্ষামূলক চাষ (ট্রায়াল) দেওয়ার পর এর জাত বীজ প্রত্যয়ন এজেন্সিতে দিতে হবে। তাঁরা এই জাত দেশের ১০টি অঞ্চলে পরীক্ষামূলক চাষ করে দেখবে। এর ফলাফলের ভিত্তিতে আমাদের প্রচলিত জাতের চেয়ে ভালো কি না, তা যাচাই করা হবে। সেখানে ভালো হলে পরে ন্যাশনাল টেকনিক্যাল কমিটিতে পাঠানো হবে। সেখানে পর্যালোচনা শেষে জাতীয় বীজ বোর্ডে পাঠানো হবে। বীজ বোর্ডে অনুমোদিত হলে ধানের নামসহ সরকারি গেজেটে অন্তর্ভুক্ত হয়ে যাবে।
এক প্রশ্নের জবাবে শাহজাহান কবির বলেন, ‘সেন্টু হাজংয়ের কথা শুনেছি। তিনি চাইলে তাঁর ধান নিয়ে আবেদন করতে পারেন।’
ধানই তাঁর ধ্যানজ্ঞান
সেন্টু হাজংয়ের (৫১) বাড়ি নন্নী ইউনিয়নের কতুবাকুড়া গ্রামে। তাঁর স্ত্রী অবলা হাজং (৪০)। তাঁদের সংসারে মেয়ে চন্দ্রিকা হাজং স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষে ও ছেলে অনির্বাণ হাজং উচ্চমাধ্যমিক পড়ে। অভাবের কারণে মাধ্যমিক পাসের পর আর লেখাপড়া করতে পারেননি সেন্টু হাজং। পরে অবলা হাজংকে বিয়ে করে শ্বশুরবাড়ি চাটকিয়া গ্রামে চলে আসেন। ২০০৫ সালে বেসরকারি একটি সংস্থা দরিদ্র কৃষকদের ধানের সংকরায়ণ ও নতুন জাতের ধান উদ্ভাবনের প্রযুক্তি শিখিয়েছিল। সেখানে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়েছিলেন সেন্টু। সেই প্রশিক্ষণই সেন্টুকে ধান নিয়ে গবেষণায় উদ্বুদ্ধ করে। এরপর ধানের নতুন নতুন ধরন বের করে আনা তাঁর ধ্যানজ্ঞান হয়ে দাঁড়ায়।
সেন্টু হাজং ধান সংকরায়ণ করে টবে সেই ধানের বীজ রোপণ করেন। গাছ হলে সেখান থেকে বীজ সংরক্ষণ করেন। আমন মৌসুমে সেই বীজ ৬৫ শতক জমিতে ছোট ছোট আকারে খেত (প্লট) তৈরি করে চাষাবাদ করেন। এভাবে নতুন ধরনের ধানের বের করে আনেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর কবির বলেন, ব্যক্তি উদ্যোগে সেন্টু হাজং ধান নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন। তা ছাড়া স্থানীয় জাতের ধানকে আরও উন্নত ও সমৃদ্ধ করার চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। তাঁর ধান চাষে কৃষকদের মধ্যে দারুণ আগ্রহ সৃষ্টি হয়েছে। সেন্টু হাজংয়ের ধান চাষে স্থানীয় কৃষকেরা লাভবানও হচ্ছেন।
২৩ ধরনের নতুন ধান
২০১৬ সালে ধানের একটি ধরন আনেন সেন্টু। সাত বছরের চেষ্টায় বিআর-১১–এর সঙ্গে চিনিশাইল ধানের সংকরায়ণ করে তিনি নতুন ওই ধরনটি বের করতে সক্ষম হন। ওই ধানের ফলন হয় প্রতি একরে ৪৫ থেকে ৫৫ মণ (যেখানে ধান হয় ৩০–৩৫ মণ)। গাছের উচ্চতা হয় সাড়ে তিন থেকে চার ফুট। গাছ শক্ত থাকায় সহজে বাতাসে হেলে পড়ে না। ধানটির সময়কাল ১৪০ দিন। এই ধান চাষে তেমন কোনো পরিচর্যা লাগে না। পোকামাকড়ের আক্রমণও কম হয়। এ বছর শুধু এই উপজেলায় সাড়ে ছয় হাজার একর জমিতে সেন্টুর এই ধানটি চাষ হয়েছে বলে উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে।
২০১৯ সালে ধানের আরেকটি নতুন ধরন নিয়ে আসেন সেন্টু। পাঁচ বছরের চেষ্টায় দেশি পাইজাম ধানের সঙ্গে রঞ্জিত ধানের সংকরায়ণ করে তিনি নতুন ধানটি আনেন। এই ধানের চাল অনেকটা পাইজামের মতো চিকন হয়। ফলনও পাওয়া যায় দ্বিগুণ। পাইজাম প্রতি একরে ৩৫ থেকে ৪০ মণ আর সেন্টুর ধানটি প্রতি একরে ফলন হয় ৬০ থেকে ৭০ মণ। উৎপাদনে সময় লাগে ১৫০ দিন। আর পাইজামের সময়কাল ১৬০ দিন। সেন্টুর ধান চাষে তেমন কোনো পরিচর্যা লাগে না। পোকামাকড়ের আক্রমণও কম হয়।
সরেজমিনে একদিন
সম্প্রতি সেন্টু হাজংয়ের বাড়িতে গেলে তিনি প্রথম আলোকে বলেন, এ কাজে আগ্রহ ও অনেক ধৈর্য লাগে। ধান নিয়ে পড়ে থাকায় প্রথম প্রথম লোকজন এটাকে পাগলামি মনে করতেন। এখন কৃষকেরা দারুণ খুশি। নতুন ধরনের ধান নিয়ে আসা অনেকটা নেশার মতো হয়ে গেছে। কৃষক তাঁর ধান চাষ করে যখন লাভবান হন, তখন তাঁর দারুণ লাগে।
সেন্টু হাজংয়ের মেয়ে চন্দ্রিকা হাজং বলেন, ‘বাবা সব সময় ধান নিয়ে পড়ে থাকেন। কোনো প্রয়োজনে বাবাকে প্রায়ই পাওয়া যায় না। তখন বিরক্ত লাগে। কিন্তু যখন দেখি ও শুনি বাবার নামে ধান কৃষকেরা আগ্রহ নিয়ে চাষ করছেন, তখন গর্বে বুক ভরে যায়।’
সেন্টু হাজংয়ের কাজের খোঁজ রাখেন, এমনকি তাঁর বাড়িতেও গিয়েছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘সেন্টু হাজং হাতের মাধ্যমে ধান পরাগায়ন ও নির্বাচন করে থাকেন। তাঁর ধান যদি মাঠে ফল ভালো হয়। তাহলে ধানের দানা, গাছের ধরন, ফলন, স্বাদ কেমন হয়—সেটা আগে দেখতে হবে। আমরা যেহেতু ধানের গবেষণা করি, সেন্টু হাজংয়ের ধানও আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। স্থানীয় পর্যায়ের কৃষকদের উদ্ভাবিত ধান আমাদের মূল্যায়ন করার প্রয়োজনীয়তা রয়েছে।’