গাংনীতে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যুপ্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীতে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার মাইলমারী গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো উপজেলার মাইলমারী গ্রামের আকাশ আলীর ছেলে ইউসুফ আলী (৪) ও প্রতিবেশী আব্বাস আলীর ছেলে আদিব হোসেন (৩)।

পরিবার জানায়, বাড়ির সবাই ঘরবাড়ি পরিষ্কার–পরিচ্ছন্ন করা ও ধান ভাঙানোর কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ইউসুফ ও আদিব বাড়ির আঙিনা থেকে পাশের পুকুরপাড়ে চলে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুর লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ফারুক আহম্মেদ জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

শিশু আদিব হোসেনের চাচা মিয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশুরা সাধারণত বাড়ির উঠানেই খেলাধুলা করে। পরিবারের সদস্যরা সব সময় তাদের চোখে চোখে রাখেন। কিন্তু সামনে ঈদ, তাই আজ বাড়িতে ধান ভাঙা ও ঘর গোছানোর কাজে সবাই খুব ব্যস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, এ সময় তারা সবার অগোচরে পুকুরপাড়ে গিয়ে পানিতে পড়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছে। এরপরও পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখবে। হাসপাতাল কর্তৃপক্ষ আইনিপ্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।