সরকারি সার আত্মসাতের দায়ে বিএডিসির সাবেক কর্মকর্তার ১৪ বছরের কারাদণ্ড
যশোরে সরকারি সার আত্মসাতের অপরাধে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সাবেক সহকারী ভান্ডার কর্মকর্তা আজগর আলীকে দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা সারের তৎকালীন বাজারমূল্যের সমপরিমাণ পৌনে চার কোটি টাকা অর্থদণ্ড হিসেবে রাষ্ট্রের অনুকূলে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার যশোরের বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামি আজগর আলী যশোরের বাঘারপাড়া উপজেলার আরাজী সিলিমপুর গ্রামের আরশাদ আলী মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। একই সঙ্গে এ মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন যশোর বিএডিসির তৎকালীন উপসহকারী পরিচালক বর্তমানে ব্রাহ্মবাড়িয়ায় কর্মরত মো. ফাহাদ আল-মামুন ও অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের মো. মেছের আলী মল্লিকের ছেলে সার পরিবেশক মো. মমিন উদ্দিন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, যশোর শহরের চাঁচড়া এলাকার বিএডিসি গুদামে সহকারী ভান্ডার কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন আজগর আলী। ২০১১ সালের ২১ ডিসেম্বর থেকে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত ওই গুদামে কর্মরত থাকাকালে অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় ৩২০ মেট্রিক টন এমওপি সার আত্মসাৎ করেন তিনি। যার তৎকালীন বাজারমূল্য ৭৬ লাখ ৩৪ হাজার ৫৬০ টাকা। এ ঘটনায় বিএডিসির যুগ্ম পরিচালক (সার) রতন কুমার মন্ডল ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করেন দুদকের সহকারী পরিচালক মো. ওয়াজেদ আলী গাজী। তদন্তকালে এজাহারভুক্ত আসামি আজগর আলীকে আটক করা হয়। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আজগর আলীর জবানবন্দি থেকে জানা যায়, সার আত্মসাতের ঘটনার সঙ্গে বিএডিসির উপসহকারী পরিচালক ফাহাদ আল-মামুন এবং অভয়নগরের নওয়াপাড়ার দুজন সার ব্যবসায়ী এম এ রাশেদ ও মমিন উদ্দিন জড়িত। এ ছাড়া তদন্তকালে টিএসপি, এমওপি, ডিএপি সারসহ ৮৪৪ দশমিক ৮০ মেট্রিক টন আত্মসাতেরও সত্যতা পাওয়া যায়। যার বাজারমূল্য ৩ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ১৬ টাকা ৩২ পয়সা। এর পরিপ্রেক্ষিতে আজগর আলী, ফাহাদ আল-মামুন, এম এ রশিদ ও মমিন উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদক কর্মকর্তা ওয়াজেদ আলী গাজী।
মামলায় আসামি আজগর আলীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাঁকে দণ্ডবিধির ৪০৯ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড; ৪২০ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ২ বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রদত্ত সব ধারার দণ্ড একত্রে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আত্মসাৎ করা সারের ৩ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ১৬ টাকা ৩২ পয়সা অর্থদণ্ড করে তা রাষ্ট্রের অনুকূলে জমা দেওয়া আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়ার আদেশ দেন বিচারক। অপর আসামি এম এ রাশেদ মামলা চলাকালে মারা গেছেন। এ জন্য তাঁকে আগেই মামলা অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দুদক যশোরের আইনজীবী মো. সিরাজুল ইসলাম বলেন, রায় ঘোষণার সময় আসামি আজগর আলী আদালতে উপস্থিত ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর সম্পদ ক্রোক করে অর্থদণ্ডের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে। অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দিয়েছেন আদালত।