আরেফিনকে হত্যার পর তার দায় বহন করার সৎ সাহস সরকারের নেই: গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ-বিএনপি সংঘর্ষে মারা যাওয়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রশিদের আরেফিনের বাড়িতে এসে তাঁর স্ত্রী-সন্তানের হাতে আর্থিক সহায়তা তুলে দেন গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ চন্দনপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘তথ্যমন্ত্রী অমানবিক কথা বলেছেন যে আবদুর রশিদ আরেফিন নাকি হার্ট ফেল করে মারা গেছেন। অথচ এখানকার মাটি বলে, তাঁকে সাপ পেটানোর মতো পুলিশ লাঠিপেটা করে মেরেছে। এটা দেশবাসীকে জানানো দরকার। এক হাতে তাঁর জীবন কেড়ে নিয়ে তারপরও আবার অমানবিক শব্দ যে তিনি হার্ট ফেল করেছেন, তাঁকে মারা হয়নি। অর্থাৎ তাঁকে হত্যার দায় বহন করার সৎ সাহস সরকারের নেই।’

আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ চন্দনপাড়া এলাকায় নিহত আবদুর রশিদ আরেফিনের বাড়িতে এসে তাঁর পরিবারকে সান্ত্বনা দেওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। ২৪ ডিসেম্বর পঞ্চগড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে বিএনপির গণমিছিলে পুলিশ-বিএনপি সংঘর্ষের সময় মারা যান আরেফিন। তিনি বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

আরও পড়ুন

এ ঘটনায় গত সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, গত শনিবার পঞ্চগড়ে গণমিছিলের কাছে আবদুর রশিদের মৃত্যুর কারণ হৃদ্‌রোগ, পুলিশের আঘাত নয়। তিনি হৃদ্‌রোগী ছিলেন এবং তাঁর বাইপাস সার্জারি হয়েছিল।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আবদুর রশিদ আরেফিন বিজয়ের মাসে জীবন দিলেন। গণতান্ত্রিক রাষ্ট্র দেখার জন্য যে যুদ্ধ হয়েছিল একাত্তরে, সেই গণতন্ত্রই ফিরে পাওয়ার জন্য আমরা আন্দোলন করছি। সেই আন্দোলনেই গত ২৪ ডিসেম্বর গণমিছিলে আবদুর রশিদ নেতৃত্ব দিচ্ছিলেন। এই আন্দোলন কোনো সহিংস আন্দোলন নয়, সাংবিধানিক নিয়মের মধ্যেই আমাদের আন্দোলন। সেখানে বিনা উসকানিতে পুলিশের লাঠিপেটা, এটা কোনোমতেই কাম্য নয়। এটা মেনে নেওয়া যায় না। এটার আমি তীব্র প্রতিবাদ করি। পাশাপাশি জাতির সামনে তথ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বলব মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার জন্য।’

আরও পড়ুন

চলমান আন্দোলনের বিষয়ে গয়েশ্বর বলেন, ‘আমরা লাখো শহীদের বিনিময়ে দেশ স্বাধীন করেছি। আজকে সেই স্বাধীন দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুম, খুন এবং রাজপথে আবদুর রশিদ আরেফিনের মতো একের পর এক জীবন বলি হচ্ছে। তাঁদের এই আত্মদান সেই লাখো শহীদের পাতায় নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে।’

আরেফিনের পরিবারের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘বিজয়ের মাসের এই আর্তনাদ বৃথা যাবে না। আমরা আবদুর রশিদ আরেফিনকে হারিয়েছি, যে চলে গেছে তাঁকে আমরা কখনোই পরিবার-পরিজনকে ফেরত দিতে পারব না। তাঁকে ফেরত দিতে না পারলে যত কিছুই দিই, তাঁর সেই শূন্যস্থান আমরা কখনোই পূরণ করতে পারব না। তারপরও তাঁর পরিবারের জন্য দলের স্থানীয় ও জাতীয়ভাবে আমরা সব সময় পাশে থাকব।’

আরও পড়ুন

আরেফিনের মৃত্যুর ঘটনায় আইনি পদক্ষেপের বিষয়ে গয়েশ্বর রায় বলেন, ‘নিয়ম রক্ষার্থে আমরা আইনি প্রক্রিয়ায় যাব। সেই আইনি প্রক্রিয়ার ফলাফল যে আপাতত আমরা পাব না, সেটা জেনেই যাব। সেটা যেতে হয় যাব। কিন্তু লড়াইয়ের মাঠে এটা আইন দিয়ে হয় না। কারণ, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধটা কোনো আদালতের রায়ে হয়নি বা কোনো আদালতে নির্দেশ নিয়ে আমরা যুদ্ধ করিনি। সুতরাং সেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা আদালতের ওপর নির্ভর করতে চাই না।’

গয়েশ্বর রায় আবদুর রশিদ আরেফিনের স্ত্রী-সন্তানদের হাতে আর্থিক সহায়তার নগদ টাকা তুলে দেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামসহ জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন