দুধের দামে ধস, দই-মিষ্টির চাহিদা কম
দুধের দাম চেয়েছিলেন প্রতি সের ৬০ টাকা। কিন্তু প্রায় পৌনে এক ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত দামে ক্রেতা পাননি বগুড়ার শেরপুরের ছাতিয়ানী গ্রামের কৃষক শফিকুল ইসলাম (৫০)। শেষ পর্যন্ত লোকসানে প্রতি সের দুধ ৪২ টাকা দরে বিক্রি করতে হয়েছে তাঁকে। সাত সের দুধ নিয়ে বাজারে এসে এমন পরিস্থিতিতে পড়েন তিনি।
শুধু শফিকুল ইসলাম নন, তাঁর মতো অনেকেই দুধের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন। ঢাকার আশপাশের পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ও কয়েক দিনের বৈরী আবহাওয়ায় দই-মিষ্টির চাহিদা কমে যাওয়ায় দুধের বাজারেও ধস নেমেছে। ক্রেতা কম থাকায় গত ১০ থেকে ১২ দিন ধরে দুধের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক ও খামারিরা। কিন্তু খাদ্য ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় তাঁদের উৎপাদন খরচও বেড়েছে।
বগুড়ার শেরপুর শহরের শিশুপার্ক চত্বরে প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এক ঘণ্টা বসে এই দুধের বাজার। উপজেলার কুসুম্বী, গাড়িদহ, খামারকান্দি, খানপুর, শাহবন্দেগী ও মির্জাপুর ইউনিয়নের কৃষক-খামারিরা এখানে দুধ বিক্রি করতে আসেন। এ ছাড়া পাশের শাজাহানপুর ও নন্দীগ্রাম উপজেলার খামারিরাও এই বাজারের ওপর নির্ভরশীল। প্রতিদিন এই বাজারে ৪০ থেকে ৪৫ হাজার লিটার দুধ কেনাবেচা হয়।
আজ শনিবার দুপুরে ওই শিশুপার্ক চত্বরে গিয়ে দেখা যায়, কয়েক শ কৃষক ও খামারি দুধ নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন। প্রতিদিন শতাধিক দই ও মিষ্টির কারখানার মালিক এই বাজারে দুধ কিনতে এলেও আজ তাঁদের উপস্থিতি ছিল অনেক কম।
এই বাজারে নিয়মিত দুধ বিক্রি করেন, এমন পাঁচজন কৃষক বলেন, গত বৃহস্পতিবার প্রতি সের দুধ ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। গতকাল শুক্রবার দাম আরও কমে ৩০ থেকে ৩৫ টাকায় নেমে আসে। তবে শনিবার কিছুটা বেড়ে ৪০ থেকে ৪২ টাকা হয়েছে।
নন্দীগ্রামের দুধের ক্রেতা নাঈম হোসেন (৩০) ও শাজাহানপুরের আশিক জামান (৩৫) বলেন, শেরপুর থেকে দুধ কিনে তাঁরা নিজেদের এলাকায় দই ও মিষ্টি তৈরি করেন। পাশাপাশি খুচরা বিক্রেতাদের কাছেও দুধ বিক্রি করেন। শেরপুরের দুধের মান ভালো হওয়ায় নিয়মিত এই বাজারে আসেন। কিন্তু বৈরী আবহাওয়ায় তাঁদের দোকানেও ক্রেতা কমেছে। তাই দুধ কেনার পরিমাণ কমিয়ে দিয়েছেন।
এক ঘণ্টার এই দুধের বাজারের ইজারাদার সাইফুল ইসলাম বলেন, এই বাজারে দিনে অন্তত তিন দফায় দুধের দাম ওঠানামা করে। দই ও মিষ্টির কারখানার মালিকদের চাহিদার ওপর দাম নির্ভর করে। পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ও বৈরী আবহাওয়ার কারণে এবার দুধ কেনাবেচায় বড় ধরনের মন্দা দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও খামারিরা।
ঘোলাগাড়ি গ্রামের খামারি মনজুরুল ইসলাম (৩৯) ও চণ্ডীজান গ্রামের কৃষক রুহুল আমিন (৩২) বলেন, পাইকারের উপস্থিতি কমে যাওয়ায় তাঁদের কম দামে দুধ বিক্রি করতে হচ্ছে।
দুধ বিক্রি করতে আসা কৃষক আমজাদ হোসেন ও খামারি রুহুল আমিন (৪২) বলেন, ১৫ থেকে ১৮ সের দুধ দেয়, এমন একটি গাভি পালনে প্রতিদিন ৪৫০ থেকে ৫০০ টাকা খরচ হয়। এর বাইরে শ্রমিকের মজুরি রয়েছে। প্রতি সের দুধ ৬০ টাকার কমে বিক্রি করলে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই ওঠে না। এখন গচ্ছিত টাকা খরচ করে গরু পালন করতে হচ্ছে।
স্থানীয় দই ও মিষ্টি উৎপাদনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর, সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের চলমান আন্দোলনের কারণে তাঁদের তৈরি পণ্যের সরবরাহ কমেছে। এর সঙ্গে বৈরী আবহাওয়ায়ও ক্রেতা কমে যাওয়ায় দই-মিষ্টির বিক্রিও কমেছে। এ কারণে কারখানাগুলোতে দুধ কেনার পরিমাণ কমিয়ে দিয়েছেন মালিকেরা।
শেরপুরের দই উৎপাদনকারী কারখানার মালিক আনন্দ ঘোষ ও দিলীপ কুমার রায় এবং মিষ্টি কারখানার মালিক চন্দ্র সরকার বলেন, আগে প্রতিদিন তাঁরা ১৫ থেকে ২০ মণ দুধ কিনতেন। এখন কিনছেন মাত্র ৫ থেকে ৭ মণ। তাঁদের মতো উপজেলার শতাধিক দই ও মিষ্টির কারখানায় উৎপাদন কমেছে। এর সরাসরি প্রভাব পড়েছে দুধের বাজারে।
এ প্রসঙ্গে শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিযায় কাযমীর রহমান প্রথম আলোকে বলেন, শেরপুরে দই ও মিষ্টির কারখানা বেশি হওয়ায় এখানে গরুর খামারের সংখ্যাও বেশি। উপজেলার সবচেয়ে বড় ওই দুধের বাজারে প্রতিদিন ৪০ থেকে ৪৫ হাজার লিটার দুধ কেনাবেচা হয়। শেরপুরের পাশাপাশি শাজাহানপুর ও নন্দীগ্রামের খামারিরাও এখানে দুধ বিক্রি করেন। এই দুই উপজেলার দই ও মিষ্টির কারখানার মালিকেরাও এই বাজার থেকে দুধ কেনেন।