বিএনএম আহ্বায়ককে রাজবাড়ীর বিএনপি নেতার হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদযাত্রা উপলক্ষে প্রস্তুতি সভায় বক্তব্য দিচ্ছেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী। আজ সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে
ছবি: প্রথম আলো

বিএনপির বিরুদ্ধে গিয়ে ঐক্য করলে নতুন রাজনৈতিক দল বিএনএমকে (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন) ভেঙে চুরমার করার হুমকি দিয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী। আজ সোমবার বিকেলে রাজবাড়ী শহরের আজাদী ময়দানে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সভা থেকে তিনি এই হুঁশিয়ারি দেন।

বিএনএম আহ্বায়কের উদ্দেশে লিয়াকত আলী বলেন, ‘ডা. আবদুর রহমান, আপনি ’৯৬ সালে ১২ দিনের এমপি ছিলেন। হাত ছিঁড়ে ফেলব। আমরা রক্ত দিয়ে রাজনীতি করি। বিএনপির বিরুদ্ধে গিয়ে ঐক্য করতে যাবেন, বিএনএম ভেঙে চুরমার করে দেব।’

আরও পড়ুন

উল্লেখ্য, দেশের নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। এর নেতৃত্বে রয়েছেন বিএনপির সাবেক দুই নেতা। দুই বছর আগে গঠিত এই দলের আহ্বায়ক কমিটিতে সাবেক সেনা কর্মকর্তা ও আইনজীবীদের আধিক্য রয়েছে। বিএনএমের আহ্বায়ক অধ্যাপক আবদুর রহমান বিএনপির সাবেক সংসদ সদস্য। দলের সদস্যসচিব মেজর (অব.) মো. হানিফ বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য।

দলটিকে নিয়ে বিএনপি নেতা লিয়াকত আলী বলেন, ‘আমার নেতা তারেক রহমান বলেছেন, বিরোধী দলের বড় নেতা হবেন, নাকি ক্ষমতাসীন দলের ছোট নেতা হবেন? সেই দিনই দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী মুভমেন্ট (বিএনএম) নামে নতুন দল করা হয়েছে।’  

বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পূর্বঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়ন এবং আওয়ামী লীগের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ১৮ জুলাইয়ের পদযাত্রা সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী লিয়াকত আলী। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক আহ্বায়ক নঈম আনসারী, যুগ্ম আহ্বায়ক আফসার আলী সরদার, গাজী হাবিবুর রহমান প্রমুখ।

রাজবাড়ীতে বিএনপির নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত। এক ভাগের নেতৃত্বে আছেন সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। আরেক পক্ষের নেতৃত্ব দেন সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। সভায় দুই অংশের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উভয় পক্ষ আলোচনা করে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুন

সভায় বিএনপির রাজনীতি নিয়েও কথা বলেন লিয়াকত আলী। তিনি বলেন, ‘প্রথম থেকেই লক্ষ করছি, চেইন অব কমান্ড ফেল হচ্ছে। সঠিক পথে রাজনীতি করতে হবে। সহজ পথে রাজনীতি করতে হবে। বাইরে এক দিন দুই হাজার লোকের জমায়েত করে ভিডিও করে ঢাকা, লন্ডন পাঠিয়ে নমিনেশন পাওয়ার কথা ভাববেন না। সে আশায় গুড়ে বালি। ঐক্যে আসতে হবে। ঐক্যে না আসলে ঠকতে হবে। ঐক্য না থাকলে আমার লস হবে না। আমি সহসভাপতি ছিলাম। ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম। আহ্বায়ক হয়েছি। আমার তো আর কিছু দরকার নেই।’