ফরিদপুরে আওয়ামী লীগের সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তারের দাবি সম্ভাব্য প্রার্থী যুবদল নেতার
ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা শেখ মাহতাব আলীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি (ফরিদপুর বিভাগ) ও ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ। যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে গতকাল সোমবার বিকেলে জেলা ও মহানগর যুবদলের আয়োজনে আনন্দমিছিল শেষে শহরের জনতা ব্যাংকের মোড়ে এক সমাবেশে এ দাবি জানান তিনি।
বেনজীর আহমেদ বলেন, ‘সামনে স্থানীয় সরকার নির্বাচন। আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চিহ্নিত দোসররা ফরিদপুরে পদচারণ করছে। আমরা প্রশাসনের কাছে জানতে চাই, আপনারা নাকে তেল দিয়ে ঘুমান নাকি?’
বেনজীর আহমেদ আরও বলেন, ‘সাবেক মেয়র মাহতাবকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাঁর নামে দুর্নীতি ও অর্থ পাচারের মামলা আছে। যুবদলের একজন নেতা–কর্মীও বেঁচে থাকতে ফরিদপুরের মাটিতে তাঁর জায়গা হবে না। পৌরসভা, উপজেলা ও ইউনিয়নে আওয়ামী লীগের দোসরদের প্রতিরোধ করতে হবে।’
কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে জেলা ও মহানগর যুবদল আয়োজিত এ আনন্দমিছিল গতকাল সোমবার বিকেল ৫টার দিকে শহরের ব্রাহ্মসমাজ সড়ক থেকে শুরু হয়। মিছিলটি জেনারেল হাসপাতালের মোড় হয়ে মুজিব সড়ক দিয়ে ফরিদপুর প্রেসক্লাব, রাজেন্দ্র মেডিকেল হলের সামনে দিয়ে নিলটুলী এলাকা হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস।
প্রসঙ্গত, ফরিদপুর পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য দীর্ঘদিন ধরে গণসংযোগ করে যাচ্ছেন যুবদল নেতা বেনজীর আহমেদ। তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ফরিদপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন করবেন জানিয়ে শহরজুড়ে বিভিন্ন ব্যানার ও বিলবোর্ডও টানিয়েছেন। অন্যদিকে গুঞ্জন আছে, এ নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে যাচ্ছেন ফরিদপুর পৌরসভার সাবেক নির্বাচিত মেয়র শেখ মাহাতাব আলী।
শেখ মাহতাব আলী প্রায় ১১ বছর ফরিদপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ফরিদপুর শহর আওয়ামী লীগের সহসভাপতি পদে ছিলেন। তিনি বহুল আলোচিত আড়াই হাজার কোটি টাকা পাচারের মামলার আসামি এবং বর্তমানে জামিনে আছেন। এ মামলায় আসামি হওয়ায় সর্বশেষ ২০২০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত পৌর নির্বাচনে অংশ নেননি মাহাতাব।
যুবদলের ওই নেতার বক্তব্যের বিষয়ে শেখ মাহাতাব আজ দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ফরিদপুর শহর আওয়ামী লীগের যে কমিটিতে আমার পদ ছিল, ওই কমিটি অনেক আগে বিলুপ্ত করা হয়েছে। ইতিমধ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। এখন আমি আওয়ামী লীগ কিংবা কোনো দলের সদস্য নই।’
সাবেক এই পৌর মেয়র বলেন, ‘আমি পৌরসভা নির্বাচন করতে চাই এবং সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। এ কারণে হয়তো বিষয়টি অনেকের মাথা ব্যথার কারণ হয়েছে।’