নারায়ণগঞ্জে মোটরসাইকেলে এসে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে। পরে সেখানে অস্থায়ী ক্যাম্পের পুলিশ সদস্যরা আগুন নেভান। এ ঘটনায় পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত বা আটক করতে পারেনি।
পুলিশ জানায়, ১৬ জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। আয়োজন উপলক্ষে স্মৃতিম্ভস্তের চারপাশ কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছিল। সোমবার রাত তিনটার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি দূর থেকে ছোট একটি কাপড়ের দলায় কেরোসিন বা পেট্রলজাতীয় পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে সেটি স্মৃতিস্তম্ভের দিকে ছুড়ে মারে। এতে স্মৃতিস্তম্ভের পাশে আগুন লাগে। পরে সেখানে দায়িত্বে থাকা অস্থায়ী ক্যাম্পের পুলিশ সদস্যরা দ্রুত আগুন নেভান।
পুলিশের ভাষ্য, ঘটনার সময় অজ্ঞাতনামা কোনো ব্যক্তি আগুন লাগার ভিডিও ধারণ করে সেটি আজ মঙ্গলবার বিকেলে ফেসবুকে ছড়িয়ে দেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন। তিনি বলেন, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের পাশে অস্থায়ী পুলিশ ক্যাম্পে একজন সহকারী উপপরিদর্শকের (এএসআই) নেতৃত্বে পাঁচ পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। রাতে ক্যাম্পে থাকা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় স্মৃতিস্তম্ভের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী। তিনি জানান, ঘটনার পর আশপাশের সড়ক ও এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে গত বছরের ১৪ জুলাই নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচজন উপদেষ্টা।