লালমনিরহাটে আদালতে আমৃত্যু কারাদণ্ডের প্রথম রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

ব্যবসায়িক ও আর্থিক লেনদেনের বিরোধের জের ধরে লালমনিরহাট সদর উপজেলার এক ব্যক্তিকে খুনের মামলায় একই ইউনিয়নের বুমকা গ্রামের আরেক বাসিন্দাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে লালমনিরহাট দায়রা জজ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

নিহত হাবিবুর রহমান (৩৫) জেলা সদরের মোগলহাট ইউনিয়নের সদরের মোগলহাট বুমকা গ্রামের আবদুল গণির ছেলে। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মো. এরশাদ (৪০) একই ইউনিয়নের বুমকা গ্রামের নুর জামালের ছেলে।

লালমনিরহাটে এই প্রথম কোনো আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো বলে জানিয়েছেন দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আকমল হোসেন আহমেদ। প্রথম আলোকে তিনি বলেন, হত্যা মামলায় এরশাদ (৪০) দোষী সাব্যস্ত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামির যাবজ্জীবন কারাদণ্ড আমৃত্যু কারাদণ্ড হিসেবে বিবেচিত হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

রায়ের সময় আসামি এরশাদ আদালতে উপস্থিত ছিলেন। রোববার বিকেলে কড়া পুলিশি পাহারায় দণ্ডপ্রাপ্ত আসামি এরশাদকে আদালত থেকে জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, হাবিবুর ও এরশাদের মধ্যে ব্যবসায়িক ও আর্থিক লেনদেনের বিরোধ চলছিল। এর জের ধরে হাবিবুরকে হত্যা করেছেন এরশাদ। ২০১৮ সালের ২৬ অক্টোবর দুপুরে হাবিবুর মোটরসাইকেলে করে পাশের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার খড়িবাড়ি হাটের রওনা হন। হাবিবুর রহমানের বাবা পেশায় কামার। তাঁর বানানো জিনিসপত্র বিক্রি করতেন হাবিবুর।

ওই দিন রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে কল করলে হাবিবুর জানান, তিনি খড়িবাড়ি হাট থেকে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। কিন্তু সেদিন রাত ১১টায়ও বাড়িতে ফিরলে আবার তাঁর মুঠোফোনে কল করে সংযোগ বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে কল করেও হাবিবুরের হদিস মেলেনি। নিখোঁজের পরদিন সকাল সাড়ে ছয়টার দিকে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শিবের কুঠি গ্রামে ধরলা নদীর তীরসংলগ্ন একটি কলাবাগানের ভেতর একটি রক্তাক্ত মরদেহ দেখতে পান এলাকার লোকজন। পরিবারের সদস্যরা হাবিবুরের মরদেহ শনাক্ত করেন।

খবর পেয়ে ওই এলাকা থেকে হাবিবুরের মরদেহ উদ্ধারের পাশাপাশি তাঁর ব্যবহৃত মুঠোফোন, মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত হাবিবুরের বাবা আবদুল গণি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। লালমনিরহাট সদর থানার পুলিশ হত্যা মামলাটি তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় এরশাদকে ঢাকার কারওয়ান বাজার থেকে গ্রেপ্তার করে। পরে এরশাদ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় অভিযুক্ত এরশাদের বিরুদ্ধে ২০১৯ সালের ৩১ জুলাই অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর ২০২০ সালের ২০ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। বিচারপ্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হলো।

রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী রুমাইনুল ইসলাম ও হাফিজুর রহমান। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে তাঁরা জানিয়েছেন