চাঁদপুরে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত আরও ২০ দোকান
চাঁদপুর শহরের বিপণিবাগ এলাকায় অগ্নিকাণ্ডে চারটি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেছে। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের উত্তর ও দক্ষিণ স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আতঙ্কে অন্তত ২০টি দোকানের মালামাল রাস্তায় বের করে আনা হয়। এতে কমবেশি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি দোকানের কর্মচারী আবদুল কাদের বলেন, তাঁদের দোকানের পাশের ভূঁইয়া ইলেকট্রনিকসের গুদামঘর থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত। দ্রুত আগুন পাশের আরেকটি হার্ডওয়্যারের দোকানে ছড়িয়ে পড়ে। এভাবে পাশাপাশি চারটি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে যায়। এ সময় স্থানীয় ব্যক্তিদের তৎপরতায় মালামাল সরিয়ে নেওয়ায় অল্পের জন্য রক্ষা পায় অন্তত ২০টি দোকান। তবে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের চাঁদপুর উত্তর স্টেশনের উপপরিচালক সাহিদুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। একটি ইলেকট্রনিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত। তিনি বলেন, বিপণিবাগ এলাকায় প্রায় অর্ধশত দোকান এবং একটি আটতলা ভবন ছিল। প্রাণহানির সম্ভাবনা ছিল। ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়।