ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা
বালুর পানি সড়কে, দুর্ভোগ
বরকত উল্লাহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিনের ভাতিজা। তিনি দীর্ঘদিন ধরে নয়নপুরের ওই সড়কের পাশে বালুর ব্যবসা করছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উলচাপাড়া সেতুর উত্তর দিকের নয়নপুরের খালি জায়গায় বালু এনে রেখে ব্যবসা করছেন স্থানীয় প্রভাবশালী বরকত উল্লাহ ওরফে সাগর।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নৌকা থেকে নামানোর সময় বালুর সঙ্গে থাকা পানি সেখান থেকে সামনের সড়কে জমা হয়ে কাদার সৃষ্টি হয়। এই কাদাপানির ওপর দিয়েই বালুভর্তি ট্রাকগুলো বিভিন্ন জায়গায় যায়। ফলে শহরের নয়নপুর বাসস্ট্যান্ড থেকে সদর উপজেলার উলচাপাড়া সেতু পর্যন্ত সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে।
বরকত উল্লাহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিনের ভাতিজা। তাঁর বাবার নাম ইউনুছ মিয়া। বরকত উল্লাহ দীর্ঘদিন ধরে নয়নপুরের ওই সড়কের পাশে বালুর ব্যবসা করছেন।
এসব অভিযোগের বিষয়ে বালু ব্যবসায়ী বরকত উল্লাহ গত ২২ ফেব্রুয়ারি প্রথম আলোকে বলেছিলেন, ‘বালু রাখার জায়গার পেছন দিয়ে একটি ড্রেন (নালা) নির্মাণ করছি। দু-এক দিন সময় লাগবে। সবার কষ্ট হচ্ছে। আমি নিজেই সেটি বুঝতে পারছি।’ তবে গতকাল শুক্রবার স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, সেখান কোনো নালা নির্মাণ করা হয়নি।
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। রাস্তায় পানি জমার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের আওতাধীন পিচঢালা এ সড়ক দিয়ে প্রতিদিন সদর উপজেলার বিয়াল্লিশ্বর, বিজেশ্বর, রামরাইলসহ ছয়-সাতটি গ্রামের মানুষ চলাচল করে। এসব গ্রামের অন্তত ২০ জনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা বলেন, পাঁচ বছর আগে জেলা পরিষদের উদ্যোগে সড়কটি মেরামত করা হয়। কিন্তু ওই বালু ব্যবসার কারণে সড়কটি আগের মতো বেহাল। স্টিলের নৌকায় (বাল্কহেড) বালু এনে খননযন্ত্রের সাহায্যে ওই সড়কের পাশে স্তূপ করে রাখা হয়। বালুর সঙ্গে থাকা পানি সড়কে গিয়ে জমা হয়। আবার এই পানির ওপর দিয়ে বালুভর্তি ট্রাকগুলো প্রতিদিন বিভিন্ন স্থানে যায়। পানি ও কাদায় সড়কটি দিয়ে চলাফেরা করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। রিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনকে এ সড়ক দিয়ে সাবধানে চলাচল করতে হয়।
নয়নপুর গ্রামে সরকারি কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। গ্রামের শেষ দিকে কাজী জোহরা কাসেম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেহাল ওই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়।
সম্প্রতি ওই সড়কে গিয়ে দেখা যায়, কুরুলিয়ার খালের উত্তর দিকে নয়নপুর এলাকার ওই সড়কের পাশের খালি জায়গায় বালু স্তূপ করে রাখা। সড়কের ২৫০ থেকে ৩০০ ফুট অংশে পানি ও কাদা জমে আছে। সেখান থেকে ট্রাকে করে বিভিন্ন নির্মাণকাজের জন্য বালু নিয়ে যাওয়া হচ্ছে। ওই কাদাপানির ওপর দিয়ে ইজিবাইক, মোটরসাইকেল, রিকশা সতর্কতার সঙ্গে ধীরগতিতে যাচ্ছে। সাধারণ মানুষকে রাস্তার দুই পাশের নালার সিমেন্টের ঢাকনার (স্ল্যাব) ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। সড়কের অপর অংশে বালুর ট্রাক যাতায়াতের কারণে যানবাহন গেলেই উড়ছে ধুলা।