ঝালকাঠিতে গাছের চাপায় উপপ্রশাসনিক কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত
প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে গাছের চাপায় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা মনির হোসেন আকন (৪০) নিহত ও এক নারী আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার বরিশাল-ঝালকাঠির আঞ্চলিক মহাসড়কে ষাটপাকিয়ায় এ ঘটনা ঘটে।

নিহত মনির হোসেনের বাড়ি রাজাপুরের বড়াইয়া এলাকায়। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তিনি পরিবার নিয়ে ঝালকাঠি শহরে বসবাস করতেন। আহত তানিয়া (২৫) ঝালকাঠি শহরের কলেজ মোড়ের বিশ্বরোড এলাকার।  তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তা নিয়ে উপপ্রশাসনিক কর্মকর্তা মনির হোসেনের পূর্বপরিচিত ছিলেন।

মনির হোসেন আকনের সহকর্মী ও ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা রিয়াদ হোসেন জানান, মনির হোসেন আকন ব্যক্তিগত কাজ শেষ করে মোটরসাইকেলে তানিয়াকে নিয়ে বরিশাল থেকে ঝালকাঠি শহরে ফিরছিলেন।

এ সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। পথে নলছিটির ষাটপাকিয়া নামক স্থানে একটি রেইনট্রি গাছের একটি বড় ডাল ভেঙে তাঁদের গায়ে পরে। ঘটনাস্থলে থাকা মানুষজন তাঁদের উদ্ধার করে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানের জরুরি বিভাগের চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। তানিয়া সেখানে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই ঝালকাঠি শহরের পৌর গোরস্তানে দাফন করার অনুমতি দিয়েছে পুলিশ।