দু-তিন মিনিটে তালা খুলে মোটরসাইকেল নিয়ে চম্পট দেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের হাতে গ্রেপ্তার চোর চক্রের দুই সদস্য
ছবি: সংগৃহীত

বাজারের চাহিদা অনুযায়ী প্রথমে তাঁরা একটি মোটরসাইকেল বাছাই করেন। পরে পরিস্থিতি বুঝে মোটরসাইকেলটি ঘিরে আশপাশের এলাকা রেকি করেন। সুযোগ বুঝে তালা ভেঙে সেই মোটরসাইকেল নিয়ে চম্পট দেন তাঁরা। একটি মোটরসাইকেলের তালা খুলে চম্পট দিতে তাঁদের সর্বোচ্চ সময় লাগে দুই থেকে তিন মিনিট।

মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের পর আজ শনিবার দুপুরে এভাবেই মোটরসাইকেল চুরির বর্ণনা দিচ্ছিলেন ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর শহরের মুসলিমনগর মহল্লার আব্বাস আলীর ছেলে মো. আলম ওরফে আলো (২৭) ও মুন্সিপাড়া মহল্লার মোজাহারুল ইসলামের ছেলে মাসুদ ইসলাম (২২)।

গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের একটি ক্লিনিকে অস্ত্রোপচার করতে যান শল্যচিকিৎসক হামিদুর রহমান। অস্ত্রোপচার শেষে ২০ মিনিট পরে ক্লিনিকের নিচে এসে দেখেন, তাঁর ১৫০ সিসির পালসার ব্র্যান্ডের মোটরসাইকেলটি নেই। তাৎক্ষণিকভাবে বিষয়টি তিনি থানায় জানালে শহরের আশপাশে তল্লাশিচৌকি বসায় পুলিশ। পরে আজ বেলা ১১টার দিকে গোবিন্দনগর ইক্ষু খামার এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের পর দুপুরে সংবাদ সম্মেলন করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর। তিনি গ্রেপ্তার দুজনের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মোটরসাইকেল চুরির কৌশল, সংরক্ষণ ও হাতবদল সম্পর্কে তথ্য দিয়েছেন।

উপপরিদর্শক আতাউর রহমান মোটরসাইকেল চুরির কৌশল জানাতে গিয়ে বলেন, যেখানে একাধিক মোটরসাইকেল থাকে, সেখানকার পরিস্থিতি বুঝতে তাঁরা ওই এলাকায় ঘোরাফেরা (রেকি) করতে থাকেন। একপর্যায়ে সুযোগ বুঝে মাস্টার চাবি দিয়ে একের পর এক মোটরসাইকেল যাচাই করতে থাকেন। যেটা খুলে যায়, সেই মোটরসাইকেল চুরি করে পালিয়ে যান। একটি মোটরসাইকেল চুরি করতে তাঁদের সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগে। এরপর কয়েক হাত ঘুরে সেই মোটরসাইকেলটি চলে যেত আশপাশের প্রত্যন্ত অঞ্চলে।

ওসি ফিরোজ কবীর বলেন, গ্রেপ্তার একজনের নামে সাতটি ও অন্যজনের নামে দুটি মাদক ও চুরির অভিযোগে মামলা রয়েছে। দুজনই আন্তজেলা ইজিবাইক চোর দলের সদস্য। গ্রেপ্তারের পর দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।