শিশু আবদুল্লাহকে বাঁচাতে দরিদ্র মা-বাবার আকুতি
শিশু আবদুল্লাহর বয়স পাঁচ বছর। কিন্তু দেখতে দুই বছরের শিশুর মতো মনে হবে। হৃদ্রোগ, রক্ত সরবরাহে সমস্যাসহ নানা জন্মগত রোগে আক্রান্ত শিশুটি। তার হাত ও পায়ের নখ এবং শরীরের শিরা-উপশিরাগুলো নীল রং ধারণ করেছে। ওজন মাত্র ১১ কেজি। সামান্য পরিমাণে হাঁটা-চলা বা খেলাধুলা করলেই হাঁপিয়ে ওঠে, শ্বাসকষ্ট দেখা দেয়। ছেলেকে বাঁচাতে দরিদ্র মা-বাবা ভারতের প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠিসহ বেশ কয়েকজন চিকিৎসকের কাছে নিয়ে গেছেন। সন্তানকে চিকিৎসা করাতেই সহায়সম্বল বিক্রি করতে হয়েছে তাঁদের।
চিকিৎসকেরা জানিয়েছেন, আবদুল্লাহর চিকিৎসার জন্য ছয় লাখ টাকার দরকার। কিন্তু এত টাকার সংস্থান না থাকায় ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে এগোচ্ছে এই নিষ্পাপ শিশু। এদিকে ছেলেকে বাঁচাতে আবদুল্লাহর মা-বাবা বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছেন।
আবদুল্লাহর বাবা আলী আক্কাস পটুয়াখালী শহরের আলাউদ্দিন শিশু পার্ক এলাকায় ছোট একটি খেলনার দোকান দিয়ে সংসার চালান। মা মুসলিমা বেগম গৃহিণী। তাঁদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা গ্রামে। দুই সন্তানের মধ্যে আবদুল্লাহ বড়। মেয়ে ফাইজার বয়স চার বছর।
চিকিৎসক দেবী শেঠি ১৮ মাস পর আবদুল্লাহকে নিয়ে পুনরায় যেতে বললেও অর্থাভাবে আর ভারতে নিতে পারেনি তার পরিবার।
আলী আক্কাস জানান, ঢাকার হৃদ্রোগ ইনস্টিটিউটের চিকিৎসক অধ্যাপক এ বি এম আবদুস সালামের তত্ত্বাবধানে আবদুল্লাহ চিকিৎসাধীন। ওই চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, আবদুল্লাহর হৃৎপিণ্ডে ছিদ্রসহ রক্ত সংবহনের ডান পাশের শিরাটি বাঁ পাশের শিরার সঙ্গে যুক্ত হয়ে আছে। ওপেন হার্ট সার্জারি করে এ জটিলতা দূর করা সম্ভব। অন্যথায় তাকে বাঁচানো সম্ভব নয়। পরে ঢাকার ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের শিশু হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক নুরুন্নাহার ফাতেমার শরণাপন্ন হলে তিনি আবদুল্লাহকে ভারতের বেঙ্গালুরুতে নারায়ণা হেলথ হাসপাতালে উপমহাদেশের প্রখ্যাত হার্ট সার্জন দেবী শেঠির কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ছেলেকে বাঁচাতে তিনি বাউফলের গ্রামের বাড়ির জায়গাজমি বিক্রিসহ মানুষের কাছ থেকে সাহায্য ও এনজিও থেকে ঋণ নিয়ে ২০১৭ সালের ১৯ আগস্ট চিকিৎসক দেবী শেঠির কাছে নিয়ে যান। তবে শারীরিক সক্ষমতা না থাকায় আবদুল্লাহকে ওপেন হার্ট সার্জারির পরিবর্তে বাইপাস সার্জারি করা হয়। চিকিৎসক দেবী শেঠি ১৮ মাস পর আবদুল্লাহকে নিয়ে পুনরায় যেতে বললেও অর্থাভাবে আর ভারতে নিতে পারেনি তার পরিবার। এখন চিকিৎসার অভাবে আবদুল্লাহর অবস্থার অবনতি হচ্ছে।
আবদুল্লাহর মা মুসলিমা বেগম ও বাবা আলী আক্কাস সন্তানকে বাঁচাতে মানুষের কাছে ছুটছেন আর আকুতি জানাচ্ছেন। মুসলিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার আদরের আবদুল্লাহকে আমরা কি বাঁচাতে পারব না? কত মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি। আপনারা আমার ছেলেটাকে বাঁচান।’
আবদুল্লাহর বাবা আলী আক্কাস তাঁর শিশুসন্তান আবদুল্লাহকে বাঁচাতে সমাজের হৃদয়বান, দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার জন্য আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আলী আক্কাস, ইসলামী ব্যাংক লিমিটেড, পটুয়াখালী শাখা, সঞ্চয়ী হিসাব নম্বর ২৮২১৩, মুঠোফোন (বিকাশ) ০১৭১৬২৮৯৫৩৩।