শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ-পাকিস্তান শিক্ষা মেলা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দ্বিতীয়বারের মতো বাংলাদেশ-পাকিস্তান শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
আয়োজকেরা জানান, এর আগে গত বছরের ৩০ নভেম্বর প্রথমবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-পাকিস্তান শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে পাকিস্তানের ২২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক শিক্ষা ও গবেষণা সহযোগিতার জন্য পাকিস্তানের দুটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত হয়।
মতবিনিময় সভায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, ‘আমি মনে করি, এই উদ্যোগের উদ্দেশ্য সফল হচ্ছে। এটি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে, সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি করেছে এবং অ্যাকাডেমিক মহলেও ইতিবাচক সাড়া ফেলেছে। আমরা আশা করছি, এর মাধ্যমে দুই দেশের মধ্যে শিক্ষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানে গিয়ে আমাদের জীবনধারা সম্পর্কে জানবে, একইভাবে আমরাও বাংলাদেশের মানুষ ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাব। গত বছর আমরা ৭৪ জন বাংলাদেশি শিক্ষার্থীকে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য শিক্ষাবৃত্তি দিয়েছি। আগামীতে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করছি।’
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোরের মতো উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিবেশে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ পাবে।
সভায় আরও উপস্থিত ছিলেন শাবিপ্রবির সহ-উপাচার্য সাজেদুল করিম, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির, আন্তর্জাতিক কেন্দ্রের পরিচালক মনিরুল ইসলাম প্রমুখ।