গাঢ় শঙ্খের খোঁজে

আয়োজনে ‘সঙ্গীত মনন’ পত্রিকার দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিরা। গতকাল টিআইসি মিলনায়তনেছবি: জুয়েল শীল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরের মূর্ছনা কিংবা কবিতার ছন্দ, যে-কারও হৃদয়ে আনন্দ জাগায়। কোনো অনুষ্ঠানে দুটো একসঙ্গে পাওয়া গেলে দর্শকের অপ্রাপ্তি বলে আর কিছুই থাকে না। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছিল এমনই কবিতা আর গানে মোড়ানো।

চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এসেছিলেন কবি শঙ্খ ঘোষ। না, সশরীর নন; কবিতায়, গানে আর স্মৃতিতে। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কবি শঙ্খ ঘোষের কবিতা থেকে গান ও পাঠের আয়োজন করেছিল প্রমা আবৃত্তি সংগঠন ও আনন্দধারা আর্টস। ‘গাঢ় শঙ্খের খোঁজে’ শিরোনামের এই আয়োজন উপভোগ করতে হাজির হয়েছিলেন চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনের মানুষেরা।

অনুষ্ঠানের শুরুতে এমন আয়োজনের ভাবনা তুলে ধরেন শিল্পী লুসিফার লায়লা। তিনি বলেন, শঙ্খ ঘোষ নিজে তাঁর কবিতা থেকে গানের বিষয়টি সমাদর করেছিলেন, এমনটা জানা যায় না। তিনি মনে করতেন, গান তৈরির ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা থাকে। এ কারণে কোথাও শব্দ ফেলে দেওয়া হয়েছে। কোথাও ছত্রের পরিবর্তন করা হয়েছে। কিন্তু এই আয়োজনে শঙ্খ ঘোষের লেখা কবিতার ভাব ও শব্দ অক্ষুণ্ন রেখে গানে সুরারোপ করা হয়েছে।

‘গাঢ় শঙ্খের খোঁজে’ শিরোনামে অনুষ্ঠিত আয়োজনে শঙ্খ ঘোষের সুরারোপ করা কবিতা থেকে গান গেয়ে শোনান শিল্পী ইমতিয়াজ আহমেদ। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের টিআইসি মিলনায়তনে
ছবি: জুয়েল শীল

লুসিফারের বক্তব্যের পর সংগীতবিষয়ক পত্রিকা ‘সঙ্গীত মনন’-এর দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এ পর্বে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, ফুলকির সর্বাধ্যক্ষা শীলা মোমেন, অনুবাদক আলম খোরশেদ, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, আনন্দধারা আর্টসের পরিচালক ইমতিয়াজ আহমেদ। মোড়ক উন্মোচন করে আবুল মোমেন বলেন, ‘সমাজে সংগীতের চর্চা দিন দিন কমে যাচ্ছে। এখন সকালবেলায় হারমোনিয়ামের সুর সেভাবে ভেসে আসে না। কিন্তু সুর হলো সমাজের আত্মা। আমরা আত্মাবিহীন সমাজে বেড়ে উঠছি। এ পরিবর্তন দরকার।’

শঙ্খ ঘোষের লেখা থেকে পাঠ করেন কবি ও নাট্যজন ফারহানা আনন্দময়ী। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের টিআইসি মিলনায়তনে
ছবি: জুয়েল শীল

অনুষ্ঠানে উচ্চারিত হয় শঙ্খ ঘোষের কবিতার নানা দিক। মঞ্চের একপাশে বসেছিলেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, অন্যপাশে ফারহানা আনন্দময়ী। শঙ্খ ঘোষের বিভিন্ন কবিতায় সুরারোপ করেন শিল্পী ইমতিয়াজ আহমেদ। কবিতা, গান আর পাঠ চলতে থাকে সমানতালে। আর সুরের আবেশে কিছুটা সময় হারিয়ে যান দর্শকেরা।

আবৃত্তিশিল্পী রাশেদ হাসান শঙ্খ ঘোষের ‘সময়’, ‘শূন্যের ভিতরে ঢেউ’, ‘আড়ালে’, ‘পাগল’সহ বেশ কিছু কবিতা থেকে পাঠ করেন। ফারহানা আনন্দময়ী শঙ্খ ঘোষের কাব্যের নানা দিক তুলে ধরার পাশাপাশি কিশোর উপন্যাস ‘সুপুরিবনের সারি’ থেকে পাঠ করে শোনান।

শঙ্খ ঘোষের বেশ কয়েকটি কবিতা পাঠ করেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের টিআইসি মিলনায়তনে
ছবি: জুয়েল শীল
গাঢ় শঙ্খের খোঁজে অনুষ্ঠানের পোস্টার।

শঙ্খ ঘোষের ‘দিনগুলি রাতগুলি’, ‘মূর্খ বড় সামাজিক নয়’সহ বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে ১২টি কবিতায় সুর দিয়েছেন শিল্পী ইমতিয়াজ আহমেদ। কবিতার পরম্পরা মেনে মূল ভাব ঠিক রেখে সেসব গান একে একে গেয়ে শোনান শিল্পী। এর মধ্যে দর্শকের কানে লেগে থাকবে ‘আয় আরও বেঁধে বেঁধে থাকি’, ‘ধীরে, আরো ধীরে সূর্য, ওঠো না ওঠো না’, ‘বলেছিলাম তোমায় নিয়ে যাব অন্য দূরের দেশে’, ‘এখন আমার সব বই ঘুমন্ত, তার মাঝে চুপ করে বসে আছি’, ‘বাপজান হে কইলকাত্তায় গিয়া দেখি সক্কলেই সব জানে’।

পারিবারিক নাম চিত্তপ্রিয় ঘোষ। ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁদপুর জেলায় জন্ম তাঁর। পৈতৃক বাড়ি বরিশাল জেলার বানারীপাড়ায়। শৈশবের একটা সময় কেটেছে পাবনা জেলার পাকশিতে। ‘ইছামতীর মশা’, ‘বেড়াতে যাবার সিঁড়ি’সহ নানা বইয়ে ঘুরে-ফিরে এসেছে এ দেশের কথা। বারবারই ছুটে এসেছেন তিনি দেশের টানে। বেশ কয়েকবার এসেছিলেন চট্টগ্রামেও। গতকালও তাঁর উপস্থিতি যেন মিলনায়তন জুড়ে রইল। গাঢ় শঙ্খের ধ্বনি যেন আরও কাছ থেকে শুনতে পেলেন দর্শক।