মাগুরায় বিএনপির দুটি ঝটিকা মিছিল, বাসে আগুন ও ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরায় ভায়নার মোড় এলাকায় মিছিলকারীরা বাসে আগুন ধরিয়ে দেন। রোববার দুপুরে
ছবি: প্রথম আলো

মাগুরায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে বিএনপি। এ সময় দুটি জায়গায় কয়েকটি যানবাহন ভাঙচুর ও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বাস থেকে দ্রুত যাত্রীরা নেমে যাওয়ায় কেউ হতাহত হননি। তাৎক্ষণিকভাবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার বেলা দুইটার পর ১০ মিনিটের ব্যবধানে শহরের ঢাকা রোড স্লুইসগেট ও ভায়নার মোড় মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ২টা ১০ মিনিটের দিকে পারনান্দুয়ালী টার্মিনাল ও ব্যাপারীপাড়া জামে মসজিদ এলাকায় বিএনপি ঝটিকা মিছিল করে। এ সময় একাধিক বাসে ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যান।

প্রায় একই সময়ে ভায়না টিটিডিসি পাড়া থেকে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা আরেকটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি ভায়নার মোড় পর্যন্ত গিয়ে একটি বাস ভাঙচুর করে আগুন দেয়। এ সময় কয়েকটি তিন চাকার যানবাহনের গ্লাস ভাঙচুর করে দ্রুত সরে পড়েন হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নেভান।

ভাঙচুর হওয়া বাস এসবি এক্সক্লুসিভের তত্ত্বাবধায়ক (সুপারভাইজার) আব্দুর রহমান বলেন, ঝিনাইদহ থেকে যাত্রী নিয়ে আসেন। আবার সেখানে যাত্রী নিয়ে ফিরছিলেন। ভায়না মোড় থেকে গাড়ি চালু হয়ে ৫০ মিটার পর্যন্ত পৌঁছাতেই সামনে মিছিল নিয়ে লোকজন আসেন। মিছিলকারীরা এসে লাঠি, লোহার রড ও ইটপাটকেল নিয়ে হামলা চালান ও গাড়িতে আগুন দেন। তবে এর আগেই যাত্রীরা নেমে পড়েন। তাই কেউ হতাহত হননি। তবে গাড়ির একটি অংশ পুড়ে যাওয়ার পাশাপাশি প্রায় সব কটি গ্লাস ভেঙে গেছে।

বাসের পুড়ে যাওয়া আসন
ছবি: প্রথম আলো

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী প্রথম আলোকে বলেন, আকস্মিকভাবে দুটি এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। কারা হামলা করেছে, তাদের পুলিশ চিহ্নিত করতে পেরেছে। তাদের ধরতে অভিযান চলছে।

জেলা বিএনপির সদস্যসচিব আখতার হোসেন মুঠোফোনে বলেন, ‘সকাল থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরাই দেখলাম হরতাল পালন করছে। মোড়ে মোড়ে পাহারা বসিয়েছে। তাঁর ছেলেরা কেউ মিছিল করতে পারে। তবে গাড়ি ভাঙচুর করার খবর পাননি।’

জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে নেতা-কর্মীদের নিয়ে সকালেই মাঠে নামেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কে সেগুনবাগিচায় শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। অন্যদিকে বেলা ২টা পর্যন্ত ইসলামপুর পাড়া জেলা বিএনপির কার্যালয় তালাবদ্ধ পাওয়া যায়।

ভাঙচুরের ঘটনার পরপরই ভায়না থেকে সদর উপজেলা পরিষদ হয়ে শহরের কলেজ রোড পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান বলেন, হরতালের প্রতিবাদে সকাল থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাঠে ছিলেন। শান্তি ও উন্নয়ন সমাবেশ শেষ করে দুপুরে কেবল খাবার খেতে গেছেন নেতা-কর্মীরা। এই সুযোগেই বিএনপির নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁরাও একটি প্রতিবাদ মিছিল করেছেন।