বকেয়া টাকা চাওয়ায় দুই হাতে দুটি দা নিয়ে হামলা, ভিডিও ভাইরাল

কক্সবাজারের চকরিয়ায় দুই হাতে দুটি দা নিয়ে এক দোকানির ওপর হামলা হয়ছবি: ভিডিও থেকে

দুই হাতে দুটি দা উঁচিয়ে হুমকি দিচ্ছেন এক যুবক, কখনো তেড়ে যাচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ মঙ্গলবার বিকেল থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটে আজ বেলা তিনটার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায়। বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক দোকানির ওপর হামলা করা হয়। পরে অভিযান চালিয়ে হামলাকারীকে আটক করে পুলিশ।

হামলার শিকার নুরুল হক (৪২) চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনা এলাকার বাসিন্দা। তিনি মগবাজারে একটি খাবারের দোকানের মালিক। আহত অবস্থায় তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আট মাস আগে মগবাজারে দোকান চালু করেন নুরুল হক। এর পর থেকে স্থানীয় মেহেদী হাসান ওরফে নাহিদ (২৮) নামের এক যুবক দোকান থেকে বাকিতে চা-নাশতা ও মালামাল নিতেন। একপর্যায়ে তাঁর বকেয়া দাঁড়ায় ১৫ হাজার টাকা। আজ বিকেলে টাকা চাইলে মেহেদী হাসান পাশের একটি কামারের দোকান থেকে দুটি দা এনে নুরুল হকের ওপর হামলা চালান। একপর্যায়ে পাশের ব্যবসায়ীরা তাঁকে সরিয়ে নিলে দোকানের ফ্রিজসহ অন্যান্য মালামাল কেটে ও ভেঙে ফেলেন হামলাকারী। পরে দুই হাতে দা উঁচিয়ে হুমকি দিতে থাকেন তিনি।

মেহেদী হাসানের হুমকির ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ হোসেন প্রথম আলোকে বলেন, মেহেদী হাসানকে সন্ধ্যায় তাঁর বাড়ি থেকে আটক করা হয়েছে। হামলার শিকার নুরুল হক মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হবে।

এসআই ফরিদ হোসেন আরও বলেন, মেহেদী হাসান মাদকাসক্ত। এ কারণে তিনি উচ্ছৃঙ্খল জীবন যাপন করতেন।