ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তরুণের

নিহত ইরফানুল ইসলামছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পুরাতন থানা এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম ইরফানুল ইসলাম (২২)। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের দফাদারপাড়া এলাকার নাছির উদ্দিনের ছেলে। তিনি উপজেলার আমিরাবাদ স্টেশনের একটি বিপণিবিতানের কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ইরফানুল উপজেলার আমিরাবাদ স্টেশনে একটি বিপণিবিতানের কর্মচারী ছিলেন। দুপুরে বাড়ির মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে কর্মস্থল থেকে তিনি মোটরসাইকেলে রওনা দেন। পথে একটি সিমেন্টবোঝাই ট্রাক ওভারটেক করতে চেয়েছিলেন তিনি। এ সময় ট্রাকটি তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।