প্রেমের টানে ১৭ বছরের সংসার ছাড়লেন নারী, দুধ দিয়ে গোসল স্বামীর
১৭ বছরের দাম্পত্য জীবন। সংসারে আছে দুই মেয়ে ও এক ছেলে। স্ত্রী প্রেমের সম্পর্কের টানে আরেকজনের ঘরে ঠাঁই নিয়েছেন। এ অবস্থায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে দাম্পত্য জীবনের ইতি টানলেন স্বামী।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চলছে নানা আলোচনা।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। দুই বছর ধরে তিনি দেশে আছেন।
মুঠোফোনে ওই ব্যক্তি প্রথম আলোর কাছে দাবি করেন, বছরখানেক আগে তিনি বুঝতে পারেন তাঁর স্ত্রী আরেকজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এই সম্পর্ক থেকে বের হয়ে আসতে তিনি তাঁর স্ত্রীকে বুঝিয়েছেন। কিন্তু কাজ হয়নি। গত মঙ্গলবার রাতে তাঁর স্ত্রী বাড়ির কাউকে কিছু না জানিয়ে প্রেমিকের বাড়িতে চলে যান। বিষয়টি জানাজানি হলে গতকাল শনিবার তিনি উভয় পক্ষের মুরব্বিদের ডেকে বিয়ের সম্পর্ক ছিন্ন করেন। এরপর বিকেলে দুধ দিয়ে গোসল করেন।
ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘১৭ বছরের সম্পর্ক। আজ আমি মুক্ত হলাম, মুক্ত করলাম। আমি এখন পবিত্র, আগে অপবিত্র ছিলাম।’
দুধ দিয়ে কেন গোসল করলেন, জানতে চাইলে ওই ব্যক্তি প্রথম আলোকে বলেন, তাঁর মা পছন্দ করে যাকে ঘরে এনেছিলেন, সেই বউ তাঁর মান-সম্মান শেষ করে দিয়েছেন। প্রেমিকের পেছনে তাঁর বিদেশ থেকে পাঠানো টাকা নষ্ট করেছেন। শেষমেশ সন্তান ও সংসার ফেলে চলে গেছেন। সে জন্য তিনি তাঁকে তালাক দেওয়ার পর দুধ দিয়ে গোসল করে নিজেকে মুক্ত করেছেন।
ওই নারীর মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি। তিনি যে ব্যক্তির কাছে গিয়েছেন, তাঁকে শনিবার রাতে আগের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় দোয়ারাবাজার থানার পুলিশ। তাই তাঁর সঙ্গে কথা বলা যায়নি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আজ রোববার বিকেলে জানান, দুধ দিয়ে গোসল করার ভিডিওটি তাঁরা ফেসবুকে দেখেছেন।