আমন বিক্রির টাকায় কৃষকদের সংসারে ফিরছে সচ্ছলতা

ধান কাটা চলছে। গতকাল সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গোয়ালভাওর এলাকায়। ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই বছর জলাবদ্ধতা ও অতিবৃষ্টিতে আমন ও বোরো ধানের আবাদ করে লোকসান গুনতে হয়েছে কৃষক মনির হোসেনকে। এবার ঋণ করে ৭২ শতক জমিতে আমন চাষ করেছিলেন তিনি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভালো হয়েছে। এবার লাভের মুখ দেখছেন তিনি।

মনির হোসেন বলেন, ধান বিক্রি করে উৎপাদন খরচ বাদে প্রতি মণে তাঁর প্রায় ৬০০ টাকা লাভ হচ্ছে। তিনি আশা করছেন ধান উৎপাদন হবে প্রায় ৭৫ মণ। এতে সব খরচ বাদে দিয়ে তাঁর প্রায় ৪৫ হাজার টাকা লাভ হবে।

মনির হোসেনের বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের গোয়ালভাওর গ্রামে। তাঁর মতো উপজেলার ৩২ হাজারের বেশি কৃষক চলতি মৌসুমে আমনের আবাদ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আমন বিক্রির টাকায় তাঁদের সংসারে আসছে সচ্ছলতা।
গতকাল বুধবার সকালে উপজেলার কয়েকটি এলাকা ঘুরে স্থানীয় একাধিক কৃষকের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় গত জুলাইয়ে শুরু হওয়া চলতি খরিপ-২ মৌসুমে রোপা আমনের আবাদ হয় ৯ হাজার ৭০ হেক্টর জমিতে। ৩২ হাজার ৫০০ কৃষক এতে আমনের আবাদ করেন। এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ২৩০ মেট্রিক টন। গত বছর আমনের আবাদ হয়েছিল ৮ হাজার ৯০০ হেক্টর জমিতে।

মতলব উত্তর উপজেলার জহিরাবাদে। গতকাল সকালে
ছবি: প্রথম আলো

গতকাল সকালে উপজেলার গোয়ালভাওর, ফতেপুর, জহিরাবাদ, ছেংগারচর, ঘনিয়ারপাড়, বৈদ্যনাথপুর, পূর্ব নাউরী, সিপাইকান্দি, লুধুয়া, গজরা, ঠেটালিয়া ও মোহনপুর এলাকায় দেখা যায়, সেখানে জমির পর জমি আমনখেত। পাকা ও আধা পাকা আমনের সোনালি ফলন দোল খাচ্ছে বাতাসে। খেতে বইছে হলুদের ঢেউ। পাকা ধানের সোঁদা গন্ধে ভরে গেছে চারপাশ। দল বেঁধে খেত থেকে আমনের ফলন কাটছেন কৃষকেরা। খেতের পাশে, বাড়ির উঠানে চলছে ধান মাড়াইয়ের কাজ। গোটা এলাকাই যেন ধানময়, আমনময়। এ যেন এক টুকরা ‘আমনের রাজ্য’।

আমন ধান বিক্রি করে সংসারের সচ্ছলতা আসার কথা জানিয়ে ফতেপুরের মিজানুর রহমান বলেন, গত কয়েক বছর আমন–বোরো চাষ করে অনেক ক্ষতি হয়েছে। এবার আমনের বাম্পার ফলন হয়েছে। অতিবৃষ্টি বা জলাবদ্ধতার কারণে আমন খেত ক্ষতিগ্রস্ত হয়নি। এখন তাঁরা ধান কাটা, মাড়াই করা, ফলন ঘরে তোলা ও বাজারে নিয়ে বিক্রির কাজে ব্যস্ত। ধান ভাঙিয়ে চাল করেও বাজারে বিক্রি করছেন। ধান ও চালের বাজারদর ভালো। পরিবারে চালের চাহিদা মিটিয়ে এগুলো বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

আবহাওয়া ভালো থাকায় এবং পোকামাকড়ের উপদ্রব কম থাকায় এবার তাঁর উপজেলার আমনের বাম্পার ফলন হয়েছে। আমন বিক্রি করে কৃষকেরা লাভবান হচ্ছেন।
কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা, মতলব উত্তর, চাঁদপুর

প্রথম আলোর কাছে প্রায় একই ধরনের কথা জানালেন উপজেলার ঘনিয়ারপাড় এলাকার কৃষক মোহাম্মদ জাকির হোসেন, ছেংগারচরের মো. রাকিব হোসেন ও গজরার দেলোয়ার হোসেনসহ আরও অন্তত ২০ কৃষক।

এ বিষয়ে কথা হয় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলীর সঙ্গে। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, আবহাওয়া ভালো থাকায় এবং পোকামাকড়ের উপদ্রব কম থাকায় এবার তাঁর উপজেলার আমনের বাম্পার ফলন হয়েছে। আমন বিক্রি করে কৃষকেরা লাভবান হচ্ছেন। সংসারে সচ্ছলতা আসছে। আমন চাষে কৃষকদের নানাভাবে পরামর্শদিচ্ছে তাঁর কার্যালয়। কৃষকেরা বেশি করে ঝুঁকছেন আমন চাষে।