কুষ্টিয়া জেনারেল হাসপাতাল
শয্যাসংকটে বারান্দায় চিকিৎসা
২৫০ শয্যার এই হাসপাতালে গতকাল ৮৪৫ জন রোগী ভর্তি ছিলেন। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকায় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।
বহির্বিভাগে অন্তত ১৫০০ রোগী চিকিৎসাসেবা নেন।
হাসপাতালে ৫৮ চিকিৎসকের স্থলে ৪০ জন কর্মরত।
মেডিসিন ওয়ার্ডে রোগীর সংখ্যা বেশি।
শয্যায় ঠাঁই না হওয়ায় রোগীদের ঠাঁই হয়েছে বারান্দায়। সেখানেও পা ফেলার জায়গা নেই। ২৫০ শয্যার এই হাসপাতালে রোগী ভর্তি আছেন ৮৪৫ জন। বিছানার তুলনায় প্রায় সাড়ে তিনগুণ রোগী। একসঙ্গে এত রোগী সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের। গতকাল রোববার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২০০২ সালে ১০০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু আজ পর্যন্ত ২৫০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী লোকবল নিয়োগ দেওয়া হয়নি। ১৫০ শয্যার জনবল দিয়ে এই হাসপাতাল চলছে। ৫৮ চিকিৎসকের স্থলে রয়েছেন ৪০ জন।
কম চিকিৎসক নিয়ে মানুষের সেবা দেওয়া দুরূহ। এ বিষয়ে মন্ত্রণালয়ে একাধিক চিঠি দিয়েও কোনো সমাধান হচ্ছে না। প্রতিদিন হাসপাতালে বিভিন্ন ধরনের রোগ নিয়ে রোগী ভর্তি হচ্ছে রোগী। কুষ্টিয়ার বাইরে আশপাশের জেলাগুলো থেকেও রোগীরা সেবা নিতে আসছেন।
এই সময়ে রোগীর চাপ বাড়ছে। বিশেষ করে মেডিসিন ওয়ার্ডে নারী রোগী বাড়ছে। তাঁদের অনেকেই মধ্যবয়সী নারী। বুকে ও পেটে ব্যথার সমস্যা বেশি।এ এস এম মুসা কবির, মেডিসিন বিশেষজ্ঞ
গতকাল রোববার সকাল পর্যন্ত হাসপাতালে ২৫০ শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিল ৮৪৫ জন, যা প্রায় সাড়ে তিনগুণ। এরমধ্যে মেডিসিন ওয়ার্ডেই ভর্তি রোগীর সংখ্যা ২৬১ জন। বাকি রোগীদের মধ্যে ২০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি ৫৪ জন রোগী। এছাড়া বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে রোগী ভর্তি প্রায় সাড়ে তিনগুণ। প্রতিদিন হাসপাতালে বহির্বিভাগে অন্তত ১ হাজার ৫০০ রোগী চিকিৎসাসেবা নেন।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, হাসপাতালে বহির্বিভাগে আটজন চিকিৎসক রোগীদের সেবা দিচ্ছেন। হাসপাতালের ওয়ার্ডগুলো রোগীতে ঠাসা। ওয়ার্ডগুলোর সামনে বারান্দা ও হাঁটা পথেও রোগীরা বিছানা বিছিয়েছেন। অনেকে সিঁড়িতেও শুয়ে সেবা নিচ্ছেন। শয্যার তুলনায় প্রায় সাড়ে তিনগুণ রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। শয্যাসংকটের কারণে অধিকাংশ রোগীকে হাসপাতালের ওয়ার্ড ও বারান্দার মেঝেতে শুইয়ে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীর স্বজনেরা। মৌসুমি আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতালের শিশু ওয়ার্ড ও এর সামনের বারান্দার মেঝে রোগীতে ঠাসা। কোথাও পা ফেলার জায়গা নেই। বারান্দার পাশে মেডিসিন ওয়ার্ডেও শিশু রোগী রাখা হয়েছে। গাদাগাদি করে সেখানে বিছানা ফেলা হয়েছে। ওয়ার্ডের ভেতরেও ভিড় দেখা গেছে।
কুষ্টিয়া দৌলতপুর উপজেলা থেকে এসেছেন ফাতিমাতুস জহুরা (৪৫)। বুকে ব্যথা নিয়ে গত শনিবার বিকেলে ভর্তি হয়েছেন। সকালে চিকিৎসক দেখেছেন। কোনমতে বারান্দায় একটি বিছানা পেয়েছেন। তিনি বললেন, সারাক্ষণ মানুষের গিজগিজ করে। এখানে দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা হয়।
আবহাওয়ার পরিবর্তনে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তাদের বেশির ভাগের বয়স এক থেকে তিন বছরের মধ্যে। বাড়িতে বড়রা আক্রান্ত হলে শিশুদেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।সাইফুল আরেফিন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিশুবিশেষজ্ঞ
হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে (নারী) দায়িত্বরত সিনিয়র নার্স লয়নী নিহার বিশ্বাস প্রথম আলোকে বলেন, এক ওয়ার্ডেই প্রায় দেড় শ রোগী। সেখানে মাত্র চারজন নার্স। তিন শিফটে ১২ জন কাজ করছেন। এত রোগী সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।
মেডিসিন ওয়ার্ডে সকালে রোগী দেখছিলেন মেডিসিন বিশেষজ্ঞ এ এস এম মুসা কবির। তিনি প্রথম আলোকে বলেন, এই সময়ে রোগীর চাপ বাড়ছে। বিশেষ করে মেডিসিন ওয়ার্ডে নারী রোগী বাড়ছে। তাঁদের অনেকেই মধ্যবয়সী নারী। বুকে ও পেটে ব্যথার সমস্যা বেশি। কিছু রোগী আছেন, সামান্য সমস্যা নিয়েই হাসপাতালে ছুটে এসেছেন। কুষ্টিয়ার বাইরেও আরও তিন চারটি জেলা থেকে রোগী আসছেন। এতে সেবা দিতে একটু হিমশিম খেতে হচ্ছে।
বহির্বিভাগে শিশু বিশেষজ্ঞের চেম্বারের সামনে বসে ছিলেন রুহী আফরোজ। তিনি তাঁর ১০ মাসের শিশু ফাতেমা খাতুনকে নিয়ে এসেছেন। চিকিৎসক ওয়ার্ডে রোগী দেখতে যাওয়ায় প্রায় এক ঘণ্টা ধরে বসে আছেন।
কালাম শেখ নামে এক ব্যক্তি জেলার কুমারখালী মাহেন্দ্রপুর এলাকা থেকে এসেছেন তাঁর নাতিকে নিয়ে। তিনিও জানালেন, চিকিৎসক ওয়ার্ডে আছেন, তাই বসে আছেন।
শিশু ওয়ার্ডের নার্স আফরোজা পারভীন বলেন, ছাড়পত্রের চেয়ে প্রতিদিন রোগী ভর্তির হার বেশি। শয্যার চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি রয়েছে। এতসংখ্যক রোগীকে সামাল দিতে খুব কষ্ট হচ্ছে।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিশুবিশেষজ্ঞ সাইফুল আরেফিন প্রথম আলোকে বলেন, আবহাওয়ার পরিবর্তনে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তাদের বেশির ভাগের বয়স এক থেকে তিন বছরের মধ্যে। বাড়িতে বড়রা আক্রান্ত হলে শিশুদেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এ সময় শিশুদের প্রতি বাড়তি নজর রাখার পরামর্শ দেন তিনি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম বলেন, এখানে চিকিৎসক ও নার্স–সংকট রয়েছে। মেডিসিন ওয়ার্ডে সবচেয়ে বেশি রোগী। রোগী রাখার জন্য কোথাও তিল পরিমাণ জায়গা নেই। তবে সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে।