র‍্যাবের গাড়ি দেখে ছাত্রলীগ নেতার ভোঁ-দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও জেলার মানচিত্র

রাস্তার ধারে ওষুধের দোকান। দোকানের সামনে দাঁড়িয়ে দুই তরুণ গল্পে ব্যস্ত। ওই রাস্তা ধরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গাড়ি এগিয়ে যেতেই দুজনই ভোঁ-দৌড় দেন। কিন্তু তাঁদের একজন ধরা পড়ে যান। পরে তাঁর কাছে থাকা পলিথিনের ব্যাগ থেকে মাদকদ্রব্য হিসেবে ঘোষিত ৩০০টি ‘টাপেন্টাডল’ বড়ি উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও পৌর শহরের পূর্ব গোয়ালপাড়া মহল্লায় গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। র‍্যাবের হাতে আটক ওই তরুণের নাম সামিউল আলিম ওরফে সাব্বির (১৯)। তিনি পূর্ব গোয়ালপাড়া মহল্লার মো. সামসুজ্জোহার ছেলে। আর পালিয়ে যাওয়া তরুণের নাম নাহিদ আলম ওরফে নিউমুন (২৫)। তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি পূর্ব গোয়ালপাড়া এলাকার মেসার্স নিউমুন মেডিসিন কর্নার নামে একটি ওষুধের দোকান চালান। ঘটনার পর থেকে তাঁর ওষুধের দোকানটি বন্ধ রয়েছে।

আরও পড়ুন

র‍্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ সূত্রে জানা যায়, গতকাল বিকেল তিনটার দিকে ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার লাইফলাইন একাডেমির সামনে মাদক কেনাবেচা হচ্ছে বলে র‍্যাব খবর পায়। র‍্যাবের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। র‍্যাবের গাড়ি দেখেই দুজন সেখান থেকে দৌড় দেন। একজন পালিয়ে গেলেও র‍্যাব সদস্যরা সামিউলকে ধরে ফেলেন। আটকের পর সামিউল তাঁর কাছে মাদক টাপেন্টাডল বড়ি রয়েছে বলে স্বীকার করেন। পরে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে তাঁর দেহে তল্লাশি চালানো হয়। সে সময় তাঁর হাতে থাকা একটি পলিথিন ব্যাগে ভারতের এমএসএন ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের ৩০০টি টাপেন্টাডল বড়ি খুঁজে পায় র‍্যাব। এসব বড়ির দাম প্রায় ৬০ হাজার টাকা। পরে র‍্যাব প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য পেয়ে নিশ্চিত হয়, পালিয়ে যাওয়া তরুণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ আলম। পরে অভিযান চালিয়েও র‍্যাব নাহিদকে ধরতে পারেনি।

পালিয়ে যাওয়া নাহিদ এলাকায় মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে জানতে পেরেছি। তাঁকে গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।
সৈয়দ রফিকুল ইসলাম, কোম্পানি কমান্ডার, র‍্যাব-১৩ সিপিসি-২

গতকাল সন্ধ্যায় সামিউলকে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করে র‍্যাব। এ ঘটনায় বাদী হয়ে গতকাল দিবাগত রাত ১২টার দিকে র‍্যাব-১৩ নীলফামারী সিপিসি-২-এর পরিদর্শক মো. সহিদ মিয়া ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলায় সামিউল আলিম ও নাহিদ আলমকে আসামি করা হয়েছে।

র‍্যাব-১৩ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘সরকার ব্যথানাশক ওষুধ টাপেন্টাডল নিষিদ্ধ করার পরও ওই চক্রটি এই মাদক মজুত করে কেনাবেচা করে আসছিল। পালিয়ে যাওয়া নাহিদ এলাকায় মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে জানতে পেরেছি। তাঁকে গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।’

ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন বলেন, র‌্যাবের মামলায় আজ বুধবার দুপুরে গ্রেপ্তার সামিউল আলিম ওরফে সাব্বিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য জেলা ছাত্রলীগ তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। জেলা ছাত্রলীগের সহসভাপতি আনোয়ার সাদাত, শাহজালাল জনি ও তাসকিলুর রহমানকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে। আগাম পাঁচ কার্যদিবসের মধ্যে তাঁদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি আজাহার আলী বলেন, নাহিদ আলম মাদক ব্যবসার সঙ্গে জড়িত কি না, তা যাচাই করতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ব্যথানাশক হিসেবে ব্যবহৃত টাপেন্টাডল ওষুধকে মাদকের বিকল্প হিসেবে ব্যবহার করে আসছিলেন মাদকসেবীরা। ২০২০ সালের ৮ জুলাই ব্যথানাশক হিসেবে ব্যবহৃত টাপেন্টাডল ওষুধকে মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে সরকার।