তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই শ্রমিককে হত্যা: সংসারের ভরসা হারল দুই পরিবার

বাড়ির উঠানে দুই সন্তানকে নিয়ে আহাজারি করছেন শাকিবের স্ত্রী খুশি আক্তার। আজ সোমবার নীলফামারী সদর উপজেলার বসুনিয়া পাড়ায়। ছবি: প্রথম আলোছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছরের শিশু খালেকুজ্জামান মায়ের সঙ্গে কাঁদছে। পাঁচ বছরের খোরশেদ আলম শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। চারপাশে স্বজনদের আহাজারি, বাড়িজুড়ে মাতম। বাবা শাকিব বসুনিয়া যে আর কোনো দিন ফিরে আসবেন না, সেটি বোঝার বয়স এখনো হয়নি ওই দুই শিশুর। তারা বাবার ফেরার অপেক্ষায় রয়েছে। বাবাকে হারিয়ে ওই দুই শিশুর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। স্বামীকে হারিয়ে দিশাহারা স্ত্রী খুশি আক্তারও।

গতকাল রোববার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের জিগাতলা এলাকায় মুকুল ইসলাম (২৮) ও শাকিব বসুনিয়া (২২) নামের দু্ই শ্রমিককে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। এই দুইজনের বাড়ি নীলফামারী সদর উপজেলার বসুনিয়া পাড়া এলাকায়। একই গ্রামের দুই ব্যক্তির এমন মৃত্যুতে এলাকাজুড়েও শোকের ছায়া নেমে এসেছে।

শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া বলেন, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাঁর চাচা আতিক বসুনিয়ার কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হয়ে অন্যদের বাস থেকে নামিয়ে দিয়ে তাঁর চাচাকে জিম্মি করে। পরে মুকুল ও শাকিব বাঁচাতে গেলে তাঁদের লাথি মেরে ও ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়।

এ নিয়ে কথা হয় আতিক বসুনিয়ার সঙ্গেও। তিনি বলেন, ‘গাড়ির হেলপার, সুপারভাইজার, এরা আমাকে জিম্মি করছে। আমার গলায় গামছা প্যাঁচাইছে। তখন মুকুল আর শাকিব আগাই আসছে। গাড়ি চলন্ত অবস্থা দুজনকে লাথি মেরে ফেলে দিছে। পরে আমি চিল্লাইছি। একটি মাইক্রোবাস ঘটনা দেখে চিকলীতে পথরোধ করে, স্থানীয় লোকজন ছুটে আসে বাসটি আটকায়। না হলে আমাকেও মেরে ফেলে দিতো।’

নিজ বাড়ির সামনে আহাজারি করছেন শাকিবের মা সাবেদা খাতুন। আজ নীলফামারী সদর উপজেলার বসুনিয়া পাড়ায়
ছবি: প্রথম আলো

আজ সোমবার তারাগঞ্জ সদর থেকে ১৯ কিলোমিটার দূরে বসুনিয়া পাড়ায় শাকিবের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। দুই ছেলেকে বুকে জড়িয়ে বারবার মূর্ছা যাচ্ছেন খুশি আক্তার। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘অ্যালা মুই কেমন করি বাঁচিম? ছোট ছাওয়া দুইটাক কায় খাওয়াইবে, পড়াইবে? মোর নির্দোষ স্বামীক কেন মারিল? মুই কোনটে যাইম, কী করিম?’

শাকিবের মা সাবেদা খাতুনও ছেলের মৃত্যুর শোক সইতে পারছেন না। কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। প্রতিবেশীরা তাঁর মুখ ও মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরান। এরপর কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকেন, ‘ওরে বাবা রে, মোর বাবার দোষ কী রে? কেন ওক গাড়ি থাকি ফেলে দিয়া মারিল রে? মোর বাবাক যায় মারছে, তার বিচার চাও রে।’

শাকিবের পরিবারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর নিজের কোনো জমিজমা নেই। তিন শতক জমির ওপর টিনের ঘরে চার ভাইয়ের বসবাস। পরিবারের সদস্যরা দিনমজুরি করে সংসার চালান। শাকিবও কাজ করে সংসারের খরচ জোগাতেন। তাঁর বোন শরিফা বেগম বলেন, ‘ভাই দুই মাস পর বাড়ি আইসে। শুক্রবারে কথা হইছে, ভাই বাড়ি আসবে। কিন্তু ভাই যে বাড়ি আসি মারা যাইবে, তাক কায় জানে। এমন হইলে তো ভাইয়োক আসির মানা করনো হয়। এখন ছাওয়াগুলার কী হইবে?’
এদিকে মুকুল বসুনিয়ার সংসারে রয়েছে স্ত্রী ও এক শিশুসন্তান। তাঁর কোনো জমিজমা নেই। থাকতেন অন্যের জমিতে ঘর তুলে। তাঁর মৃত্যুতে পুরো পরিবার দিশাহারা হয়ে পড়েছে।

ক্যাপশন ৩: মুকুলের বাড়ির সামনে স্বজনদের ভিড়। আজ বসুনিয়া পাড়ায়
ছবি: প্রথম আলো

মুকুলের স্ত্রী জাহিদা বেগম বলেন,  ‘আমার কিছু বলার নাই। আমাকে উনার (স্বামী) মতো উঠায় নেক। মাছুমটাকে এতিম করল। কীভাবে কী করব, বুঝতে পারছি না। আমার সাথে কেন এমন হইলো?’

মুকুলের মা মুক্তা বেগম কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেন। মুখ ও মাথায় পানি ঢাললে একপর্যায়ে তাঁর জ্ঞান ফেরে। এরপর কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘অ্যালা কায় হামাক দেখবে, কায় মাও কয়া ডাকবে, ছোট নাতিটা যে এতিম হয়া গেল। ওমাক কায় পড়ার খরচ দিবে?’

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের গ্রামের অনেক মানুষ জীবিকার তাগিদে কাজের সন্ধানে বাইরে যান। কেউ রাজমিস্ত্রির কাজ করেন, কেউ দিনমজুরি। শাকিব ও মুকুলও কাজের জন্য বাইরে যেতেন। কয়েক মাস পরপর বাড়িতে ফিরতেন। এবার ফেরার পর এমন মর্মান্তিক ঘটনায় তাঁদের পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে।

প্রতিবেশী আবু সাঈদ বলেন, ‘কুমিল্লায় রাজমিস্ত্রির কাজ করে অনেক কষ্ট করে মুকুল মা, বাবা, স্ত্রী, সন্তানদের মুখে ভাত তুলে দেন। এভাবে তাঁর মৃত্যু হবে, কল্পনা করতে পারছি না। তাঁর মৃত্যুতে পুরো পরিবার এখন দিশাহারা। কীভাবে এখন তাঁদের সংসার চলবে?’

ইউপি সদস্য মতিউল ইসলাম বলেন, ‘মুকুল ও শাকিবের পরিবারের অবস্থা খুবই করুণ। দিনমজুরি করে তাঁদের সংসার চলছিল। এক দিন কাজ না করলে স্ত্রী-সন্তানদের মুখে ভাত জোটে না। তাঁদের দুজনের ছোট তিন ছেলে রয়েছে। তাঁদের মৃত্যুতে পরিবার নিঃস্ব হয়ে গেল।’

মুকুল ও শাকিবের মৃত্যুর বিষয়ে কথা হয় স্থানীয় চড়াইখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুম রেজার সঙ্গে। কথা বলার একফাঁকে তিনি প্রথম আলোকে বলেন, ‘শাকিব ও মুকুলের পরিবার একেবারেই অসহায়। তারা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। গ্রামে অধিকাংশ মানুষ কুমিল্লা, সিলেট, ঢাকায় কাজ করেন। মুকুলের পরিবার আমার জমিতেই থাকে। তাঁর এমন মৃত্যু আমরা শোকাহত।’

প্রত্যক্ষদর্শীরা যা বলছেন
জিগারতলা এলাকায় গতকাল রোববার সকালে ধান কাটতে গিয়েছিলেন ওই এলাকার কয়েকজন কৃষক। তাঁদের মধ্যে একজন জামাল হোসেন। তিনি বলেন, ‘আমরা ধান কাটতেছি। মোটরসাইকেল থেকে চিল্লাচ্ছে। গাড়ি থেকে লোক ফেলে দিছে। তখন লাফ দিয়ে আমরা রাস্তায় উঠছি। লোকটার ওপর দিয়ে গাড়িটা চলি গেছে।’

আবদুর রহমান নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘চিল্লানি শুনি আমরা ১৮-২০ জন রাস্তাত উঠে দেখি, দুই জায়গায় দুইজন পড়ি। গাড়িটা চলি যাছে। দেখি একজন চাকায় পিষ্ট হয়ে মারা গেইছে। আরেকজনকে হাসপাতালে পাঠাছি।’

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী ছিলেন কুর্শা জিগাতলা গ্রামের মামুনুর রশীদ। তাঁর ভাষ্য, সকালবেলায় তাঁরা ধান কাটতে মাঠে যাচ্ছিলেন। এ সময় তাঁরা দেখতে পান, গাড়ি থেকে ওই  দুজনকে ফেলে দেওয়া হচ্ছে।

জানতে চাইলে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, চালক ও বাসের সহকারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় করা মামলাটির গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।