ময়মনসিংহের ১১টি আসনে ভোট শুরু, মাঠে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

ময়মনসিংহের ত্রিশালের কাজির শিমলা নজরুল উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে পুরুষ ভোটারদের লাইনছবি: প্রথম আলো

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ শেষ হবে বিকেল সাড়ে চারটায়।

জেলার ১১টি আসনে এবার ৬৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার আছেন ৪৭ লাখ ১৪ হাজার ৭৩১। এর মধ্যে পুরুষ ২৩ লাখ ৭৫ হাজার ৮০৪ জন, নারী ২৩ লাখ ৩৮ হাজার ৮৮৯ ও হিজড়া ভোটার আছেন ৩৮ জন। ১১টি আসনের মধ্যে আটটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও একটিতে জামায়াতে ইসলামীর বিদ্রোহী প্রার্থী থাকায় তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তফসিল ঘোষণা ও প্রচারণার সময় জেলার গৌরীপুর ও ধোবাউড়া উপজেলায় দুটি হত্যার ঘটনা ঘটে। এ ছাড়া ভালুকা ও গফরগাঁও উপজেলায় বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘাত হয়। এসব আসনে উত্তেজনা আছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১১টি সংসদীয় আসনের ১৩টি উপজেলায় ১ হাজার ৩৬৫টি কেন্দ্রে বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পাশাপাশি ভোটাররা গণভোটও দেবেন। ভোটকেন্দ্রগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে ৫৮৩টি কেন্দ্র। এসব কেন্দ্রে ৩ হাজার ২১৭ পুলিশ সদস্য, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা ছাড়া বাকি ১১টি উপজেলার প্রতিটিতে ১২০ থেকে ১৪০ সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী মোতায়েন না থাকায় সীমান্ত উপজেলা হালুয়াঘাট ও ধোবাউড়ায় ছয় প্লাটুন করে বিজিবি থাকবে। এ ছাড়া অন্য উপজেলাগুলোয় চার প্লাটুন করে বিজিবি থাকবে। প্রতিটি কেন্দ্রে পুলিশের নেতৃত্বে ১৪ থেকে ১৭ জন করে গ্রাম পুলিশ ও আনসার সদস্য থাকবেন। এ ছাড়া আনসার ব্যাটালিয়নের ৩১টি ও র‍্যাবের ২১টি টিম মাঠে কাজ করবে। ৭৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।

সকাল সাড়ে সাতটায় জেলার ত্রিশাল উপজেলার কাজির শিমলা নজরুল উচ্চবিদ্যালয়ে নারী ও পুরুষ ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। নারীদের একটি বুথে ভোট গ্রহণ শুরু হতে ১৫ মিনিট বিলম্ব হয়। নারী ভোটকেন্দ্রে ৪ হাজার ৪৮৯ ভোটার আছেন। এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহ ওয়াহিদুজ্জামান বলেন, প্রার্থীর পোলিং এজেন্ট সঠিক সময়ে না আসায় বিলম্ব হয়।

পুরুষ ভোটকেন্দ্রের লাইনে দাঁড়িয়ে মুঠোফোনে লাইভ করতে দেখা যায় ভোটারদের। বুথের ভেতরেও মুঠোফোন নিয়ে প্রবেশ করেন ভোটাররা। নিজেদের সিরিয়াল পেতে মুঠোফোনে টর্চলাইট ধরতে দেখা যায় ভোটারদের।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, যথাসময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক তৎপর থাকবেন তাঁরা।