আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার থেকে আবার মাছ রপ্তানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পাঁচ দিন বন্ধ থাকার পর আগামীকাল সোমবার থেকে আবার মাছ রপ্তানি শুরু হবে। ত্রিপুরা রাজ্য সরকারের অনুরোধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (ফেসাই)। এতে বন্দরে পুনরায় ব্যবসায়ীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

বন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতে কেন্দ্রীয় সরকারের নির্দেশে ফেসাই কর্তৃপক্ষ আগরতলা বন্দর দিয়ে বাংলাদেশ থেকে মাছ, শুঁটকি ও খাবারজাতীয় পণ্য ১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত রপ্তানি বন্ধ করে দেয়। এর পর থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাসহ রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো নানা তৎপরতা শুরু করেন। তাঁরা কেন্দ্রীয় সরকারে কাছে চিঠি ও ফোনের মাধ্যমে জানান, এই বন্দর যেন নিষেধাজ্ঞার আওতাধীনের বাইরে রাখা হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে ফেসাই কর্তৃপক্ষ এই বন্দরের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এতে পাঁচ দিন পর সোমবার এই বন্দর দিয়ে মাছ রপ্তানি শুরু হবে।

এ বিষয়ে আখাউড়া স্থলবন্দর আমদানি–রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, ভারতের ত্রিপুরা রাজ্যসহ আশপাশের কয়েকটি রাজ্য বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া মাছের ওপর নির্ভরশীল। মাছ রপ্তানি বন্ধ হওয়ায় এই রাজ্যের সাধারণ মানুষের সমস্যায় পড়তে হবে। বিষয়টি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে জানালে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। এতে স্থলবন্দর থেকে আবারও শত শত কোটি টাকা রেমিট্যান্স আয় হবে।

আখাউড়া স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট মো. সামাউল ইসলাম জানান, যেহেতু তাঁদের এই স্থলবন্দর রপ্তানিমুখী, সেই ক্ষেত্রে বেশির ভাগই মাছ রপ্তানি হয়। সোমবার আবারও ভারতে মাছ রপ্তানি শুরু হবে।