দিনে ডিম, রাতে আখ বেচেও সংসার চলে না জাকিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনে ডিম বিক্রি শেষে রাতে রাস্তার পাশে আখ বিক্রি করছেন মো. জাকির হোসেন। খুলনা নগরের মিস্ত্রিপাড়া বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

তরমুজের মৌসুমে তরমুজ, আখের সময় আখ, আবার কতবেলের মৌসুমে কতবেল বিক্রি করতেন মো. জাকির হোসেন। তবে জনপ্রিয় এসব ফল-ফসলের মৌসুম শেষ হলে বা ব্যবসা একটু পড়তির দিকে থাকলে জাকির বনে যেতেন ডিম বিক্রেতা। পাইকারদের থেকে ডিম কিনে ভ্যানে করে পাড়ামহল্লার দোকানে বিক্রি করতেন।

করোনার আগপর্যন্ত এভাবে চলছিল জাকিরের জীবন-জীবিকা। আয়রোজগারও একবারে মন্দ ছিল না। তবে করোনা পরিস্থিতি অনেক কিছু বদলে দিয়েছে। রোজগারে অনেকটা ভাটা পড়ে জাকিরের। এরপর জীবিকার হিসাব মেলাতে কৌশলী হতে হয়েছে তাঁকে। এখন প্রতিদিনই আগের দুই ধরনের ব্যবসা করতে হচ্ছে। জাকির সকাল থেকে দুপুর পর্যন্ত ডিম বিক্রি করছেন, বিকেল থেকে রাত পর্যন্ত চলছে মৌসুমি ফলের ব্যবসা।

গতকাল শনিবার রাত নয়টার দিকে খুলনা নগরের মিস্ত্রিপাড়া বাজার এলাকায় ভ্যানে বসে আখ বিক্রি করছিলেন জাকির। লম্বা আখগুলো একটা দেয়ালের গায়ে হেলান দিয়ে রাখা ছিল। সেখান থেকে আখ নিয়ে চেছেছুলে নির্দিষ্ট মাপের ছোট টুকরা করে ভ্যানের ওপর রাখছিলেন তিনি। সেখানেই জাকিরের সঙ্গে আলাপ জমল।

আলাপে জানা গেল, জাকিরের বয়স এখন ৩৪ বছর। বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া গ্রামে তাঁদের বাড়ি। বয়স যখন চার কি পাঁচ বছর, তখন বাবাকে হারান তিনি। ছোট ভাই ও তাঁকে নিয়ে মা চলে আসেন খুলনা শহরে। মানুষের বাসায় কাজ শুরু করেন। জীবনের প্রয়োজনে ওইটুকুন বয়সে জাকিরকেও কাজে নামতে হয়।

কাজের ফাঁকে জাকির বলছিলেন, ‘মোটামুটি ভালোমন্দ কেবল বুঝি, তখন থেকেই কাজ শুরু। প্রথম হোটেলে মেসিয়ারি। তারপর ভ্যান–রিকশা চালাইছি। তারপর ফের হোটেলের কাজ। বছর নয় আগে বিয়ে করেছি। এর পর থেকে হোটেলের কাজ ছেড়ে তরমুজ, আখ, লেবু, বেল, পেয়ারা—যখন যা হয়, সেই মৌসুমি ফলের ব্যবসা করি, ডিমও বেচি।’

পাইকারদের কাছ থেকে আগের রাতেই ডিম কেনেন জাকির। পরের দিন সকালে সব গুছিয়ে নিজের ভ্যানে ডিম নিয়ে দোকানে দোকানে বিক্রি করেন। বেলা আড়াইটা থেকে তিনটার মধ্যে বিক্রি শেষ করে বাসায় ফেরেন। এরপর বিকেল থেকে রাত পর্যন্ত মৌসুমি ব্যবসার বিক্রিবাট্টা।

তবে জাকিরের আয়ের সিংহভাগ আসে ডিম বিক্রিতেই। প্রতিদিন দেড় থেকে দুই হাজার ডিম বিক্রি হয় তাঁর। সব বাদ দিয়ে ৭৫০ থেকে ৮০০ টাকা পকেটে থাকে। আর বিকেলের ব্যবসায় গড়ে ২৫০ থেকে ৩০০ টাকা লাভ হয়। তবে ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দুই সপ্তাহ ধরে ডিম বিক্রি বন্ধ রাখতে হয়েছিল তাঁর। এতে সংসার খরচের টানাপোড়েনটা আরও বাড়ে।

জাকির হোসেন বলেন, ‘জায়গায় ডিম কিনতে হচ্ছিল ৪৬ টাকা হালি। আবার বিক্রি করা যাচ্ছিল না। দাম কিছু কমায় ১৪ থেকে ১৫ দিন বিক্রি বন্ধ রাখার পর শনিবার আবার শুরু করেছি। যদি দাম বাড়ে, আবার বন্ধ করতে হবে। আসলে ডিমের দাম এত বেশি থাকলে কয়জন কিনবে? আগে ১০০ ডিম বিক্রি করতে পাড়ার দোকানদারদের দুই দিন লাগত। দাম বাড়ায় সাত থেকে আট দিনেও ওই পরিমাণ ডিম বিক্রি করতে পারেনি।’

মিস্ত্রিপাড়া এলাকায় একটা ভাড়া বাসায় থাকেন জাকিররা। পাঁচজনের সংসারে উপার্জনের মানুষ তিনি একাই। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব আর মিলছে না জানিয়ে জাকির বলেন, ‘বাসাভাড়া ও অন্যান্য বিল দিয়ে খরচ হয় সাড়ে তিন হাজার টাকা। সংসারে চাল আর বাজার দিয়ে প্রতিদিন কম করে ৩০০ টাকা লাগছে। কিছুদিন আগেও চাল কিনতাম ৪৮ টাকায়, সেটা এখন ৬০ থেকে ৬২ টাকা। মাছ-তরকারি সবকিছুর দামই তো বাড়ছে। আগে প্রতিদিন মাছ খাইলেও এখন আর তা সম্ভব হচ্ছে না। আবার সমিতি, মেয়ের কোচিং, বেতন, বই–খাতার খরচা, ছোট বাচ্চার খাবারদাবার, মায়ের ওষুধ—সব মিলিয়ে সংসার চালাতে হিমশিম খাওয়া লাগতিছে।’

সংসারে ব্যয়ের চাপ সামলাতে অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে জাকিরকে। তিনি বলছিলেন, ‘আগে মৌসুমি ব্যবসা করতাম। এখন দেখা যাচ্ছে দুইটাই করা লাগছে। না হলে খরচের সঙ্গে পারা যাচ্ছে না। অতিরিক্ত পরিশ্রম হয়ে যাচ্ছে। আর এটা তো সহজ হিসাব, সবকিছুর দাম বাড়ায় ঝামেলাটা হয়ে যাচ্ছে। আমার শুধু নই, প্রত্যেক মানুষেরই কষ্ট হচ্ছে।’

বর্তমান চাপের পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও শঙ্কা আর হতাশা জাকিরের ওপর ভর করেছে। মুখে উদ্বেগের ছাপ নিয়ে জাকির বলেন, ‘সব মিলিয়ে এখন কষ্টের মধ্যে চলছে। খাইয়েদাইয়ে সমান সমান রাখাটাই কষ্ট হয়ে যাচ্ছে। ডিমের ব্যবসা করি। দাম বাড়ে, কমে। হাজার চল্লিশেক টাকা ঋণ আছে। গ্রামের বাড়ির দিকের অবস্থা তেমন ভালো নয়। কিছু টাকা জমাব, এ রকম কোনো লাইনও নেই। কী আর করা! ভাগ্যের ওপর ছেড়ে দিছি। এভাবে যত দিন যায়!’