‘অভাবের জন্য চালককে খুন করে অটোরিকশা ছিনতাই করে বিক্রি করি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুন
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের টিলাগাঁও গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক শাহাবুদ্দিনকে (৩০) খুন করেন রজব আলী (২৫)। এরপর ওই অটোরিকশা ২২ হাজার টাকায় বিক্রি করে দেন রজব। অভাবের তাড়নায় তিনি এ কাজ করেন। বুধবার বিকেলে মৌলভীবাজারের আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রজব এ তথ্য জানান।

রজবের বাড়ি উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন এলাকায়। তিনি একসময় ভাড়ায় রিকশা চালাতেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহাবুদ্দিন গত ২৬ মে নিজের অটোরিকশা নিয়ে কাজে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। পরদিন ২৭ মে সকালে পার্শ্ববর্তী রাজনগর উপজেলার হাজীনগর চা-বাগান এলাকায় সড়কের পাশে গলাকাটা অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। এ ব্যাপারে তাঁর স্ত্রী নাছিমা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রাজনগর থানায় হত্যা মামলা করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ৩ জুন বাড়িতে অভিযান চালিয়ে রজবকে আটক করা হয়। এরপর শাহাবুদ্দিনকে হত্যার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকেলে তাঁকে মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়।

আদালতে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে ওসি বিনয় ভূষণ রায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রজব ‘অভাবের তাড়নায়’ শাহাবুদ্দিনকে খুন করে অটোরিকশা বিক্রির পরিকল্পনা করেন। খুনের জন্য ১৫০ টাকা দিয়ে স্থানীয় ব্রাহ্মণবাজারের একটি দোকান থেকে দা কেনেন। ২৬ মে রাতে লুয়াইউনি চা-বাগানে যাওয়ার কথা বলে শাহাবুদ্দিনের অটোরিকশা ভাড়া করেন। হাজীনগর বাগানে যাওয়ার সময় শাহাবুদ্দিনকে পেছন দিক থেকে গলায় কোপ দেন। তিনি (শাহাবুদ্দিন) নিচে পড়ে গেলে টেনে সড়কের পাশে নিয়ে যান। এরপর দা দিয়ে গলা কেটে ফেলেন। লাশ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ফেলে রেখে অটোরিকশাটি চালিয়ে মৌলভীবাজার জেলা সদরে নিয়ে গিয়ে সোহেল নামের এক ভাঙারির দোকানদারের কাছে ২২ হাজার টাকায় বিক্রি করেন। পরে চার হাজার টাকা দিয়ে চাল, ডাল, তেলসহ বিভিন্ন জিনিস কিনে বাড়িতে নিয়ে যান। বাকি ১৮ হাজার টাকা ঘরের একটি স্থানে লুকিয়ে রাখেন।

ওসি বিনয় ভূষণ বলেন, রজবের দেওয়া তথ্য অনুযায়ী, ১৮ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। এ ছাড়া চোরাই অটোরিকশা কেনার অভিযোগে সোহেলকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে রজব ও সোহেলকে মৌলভীবাজারের কারাগারে পাঠানো হয়েছে।

২৭ মে প্রথম আলো অনলাইনে ‘নিখোঁজ অটোরিকশা চালকের গলাকাটা লাশ পড়ে ছিল চা-বাগানে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।