বরগুনা-২ আসন: নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে মিথ্যাচার–অপপ্রচারের অভিযোগ বিএনপি প্রার্থীর

বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের প্রার্থী নুরুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায়ছবি: প্রথম আলো

বরগুনা-২ (বেতাগী–বামনা–পাথরঘাটা) আসনে জামায়াতের প্রার্থী পরাজয় আঁচ করতে পেরে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী নুরুল ইসলাম (মনি)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম বলেন, ‘আমি তিনবার সংসদ সদস্য ছিলাম। সব সময় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করি। কিন্তু জামায়াতে ইসলামীর লোকজন বিভিন্ন মাধ্যমে এলাকায় প্রবেশ করে সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করছে এবং অর্থের মাধ্যমে ভোট কেনার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে আমরা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে অবহিত করেছি। জামায়াতে ইসলামী প্রার্থী বুঝে গেছে, এই নির্বাচনে তারা বিজয়ী হতে পারবে না। তাই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে নেমেছে তাঁরা।’

সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম বলেন, গতকাল পাথরঘাটা উপজেলায় জামায়াতের জনসভায় প্রত্যাশিত লোকসমাগম হয়নি। সেই ব্যর্থতা আড়াল করতেই পাথরঘাটার সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। পরে ওই ঘটনার দায় বিএনপির ওপর চাপিয়ে তাঁকে ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। ওই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে তিনি প্রশাসনের কাছে দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবী নুরুল আমিন, জেলা বিএনপির নেতা বাবুল হাওলাদার, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বরগুনা সদরের নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুজ্জামান মাহফুজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম প্রমুখ।

এর আগে আজ বিকেলে এই আসনে জামায়াতের প্রার্থী সুলতান আহমদ সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন নির্বাচনী পরিবেশ পরিকল্পিতভাবে বিনষ্ট করা হচ্ছে।