নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংকে পাওয়া গেল হাত-পা বাঁধা লাশ
পাবনায় নিখোঁজের দুই দিন পর প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে হাত-পা বাঁধা অবস্থায় আবদুল কুদ্দুস প্রামাণিক (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের সাদুল্লাপুর ইউনিয়নের দড়ি শ্রীকোল গ্রাম থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত আবদুল কুদ্দুস প্রামাণিক কৃষিকাজ করতেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহত ব্যক্তির প্রতিবেশী এক দম্পতিকে আটক করেছে। তাঁদের থানা–হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় লোকজন ও নিহতের স্বজনেরা জানান, গত মঙ্গলবার রাত ৯টার দিকে আবদুল কুদ্দুস প্রামাণিককে সর্বশেষ একটি চায়ের দোকানে দেখা যায়। তিনি সেখান থেকে বাড়ির উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন। রাতে তাঁর আর খোঁজ মেলেনি। পরদিন বুধবার সকালে বাড়ির সামনে তাঁর স্যান্ডেল, গামছা ও একটি রশি পাওয়া যায়। পরে পরিবারের লোকজন পুলিশকে খবর দেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকালে প্রতিবেশী খাইরুল ইসলামের বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হতে থাকলে লোকজন গিয়ে আবদুল কুদ্দুস প্রামাণিকের অর্ধগলিত লাশ পান। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধারের সময় লাশের হাত ও পা বাঁধা ছিল।
নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্দেহভাজন এক নারী ও তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিহত আবদুল কুদ্দুস প্রামাণিকের ছেলে শরিফুল ইসলাম জানান, তাঁর বাবা নিরীহ মানুষ। তিনি কোনো দিন কারও সঙ্গে বিবাদে জড়াননি। তাঁর বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
শফিকুল ইসলাম অভিযোগ করেন, তাঁদের বাড়ির পাশের এ নারীর সঙ্গে গ্রামের এক ব্যক্তির অবৈধ সম্পর্ক রয়েছে। ওই ব্যক্তি মাঝেমধ্যেই ওই নারীর বাড়িতে আসতেন। তাঁর বাবা এই সম্পর্কে বাধা দেন। এর জের ধরেই পরিকল্পিতভাবে তাঁর বাবাকে হত্যা করে প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়েছে। তিনি এই হত্যায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, এটি পরিকল্পিত হত্যা। তবে কী কারণে হত্যা করা হয়েছে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্দেহভাজন এক নারী ও তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আশা করছেন, দ্রুতই হত্যাকারীকে খুঁজে বের করা সম্ভব হবে।