নির্বাচনে কোথাও কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন–সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিকেলে ময়মনসিংহ সিটি করেপারেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনেছবি: প্রথম আলো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন–সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার নির্বাচনে যদি দেশের কোথাও কেন্দ্র দখল হয়, কেউ ছাড় পাবে না। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হবে। তিন দিন হোক বা চার দিন পর হোক, ধরা তাকে পড়তেই হবে।

সোমবার বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সবার সহযোগিতায় এবারের নির্বাচন খুব শান্তিপূর্ণ হবে। নির্বাচনে প্রশাসন ও সরকারি বাহিনী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে। এতে কোনো সন্দেহ নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা তাঁর বক্তব্যে শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হওয়ার ঘটনাকে খুবই দুঃখজনক বলে উল্লেখ করেন। এ বিষয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার যাচাই-বাছাই চলছে এবং যারা দায়ী, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কোনো ঘটনা ঘটিয়ে দুষ্কৃতকারীরা এলাকা থেকে দূরে চলে যায়। এ জন্য একটু সময় লাগলেও তাদের আইনের আওতায় আনা হবে।

আসন্ন নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে জানান জাহাঙ্গীর আলম। নির্বাচন উপলক্ষে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরে তিনি বলেন, ‘কোনো ধরনের সহিংসতা, অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। পুলিশের জন্য ২৫ হাজার ৭০০ বডি ক্যাম দিচ্ছি। আমরা ড্রোন ব্যবহার করছি, সুরক্ষা অ্যাপ ব্যবহার করছি। এরপরও এবার কেউ যদি কোনো রকম কিছু করতে যায়, তাহলে সে ভাই হোক বা বোন হোক কেউ, ছাড় পাবে না। নির্বাচনে সারা দেশে প্রায় ১ লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, ১০ হাজার র‍্যাব, ৫ হাজার নৌবাহিনী, ৩৭ হাজার বিজিবি, ৫ হাজার কোস্টগার্ড এবং প্রায় ৬ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবেন। এর পাশাপাশি বিএনসিসি সদস্যরাও থাকবেন।’

অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শুধু অবৈধ অস্ত্র না, বৈধ অস্ত্রও বাইরে আছে, বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে তার সবগুলো এখনো উদ্ধার হয়নি। এরপরও উদ্ধারের পরিমাণ বেড়েছে। আশা করা হয়, নির্বাচন শান্তিপূর্ণ হবে।

জাহাঙ্গীর আলম জানান, এবারের ভোটে সাংবাদিকদের পোলিং সেন্টারের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তাই সাংবাদিকদের জন্য কোনো সমস্যা হবে না।

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও অতিরিক্ত আইজিপি (অর্থ) মো. আকরাম হোসেন। স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। এ সময় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়াসহ বিভাগের চার জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী কর্মকর্তা, থানার ওসিসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।