ডাব পাড়া নিয়ে বিরোধ, নরসিংদীতে তরুণকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা
নরসিংদীর পলাশ উপজেলায় প্রতিবেশীর গাছের ডাব পেড়ে দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে মামুন মিয়া (২০) নামের এক তরুণকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নে গালিমপুর গ্রামের এক ইটভাটায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মামুন মিয়া নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামের প্রয়াত আবদুল মোমেন মিয়ার ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশাচালক ছিলেন।
অন্যদিকে হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তির নাম মো. আজিজুল মিয়া (৩৫)। তিনি ওই গ্রামের ইসমাইল মিয়ার ছেলে। ঘটনার পর থেকে আজিজুল মিয়া এলাকাছাড়া। বাড়িঘরের দরজা তালাবদ্ধ করে তাঁর পরিবারের সদস্যরাও পালিয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দুই দিন আগে গাছের ডাব পেড়ে দেওয়ার জন্য রাবেয়া বেগম নামের একজন প্রতিবেশী মামুনকে তাঁর বাড়িতে ডেকে নেন। এ সময় রাবেয়া তাঁকে দিয়ে কয়েকটি গাছ থেকে বেশ কিছু ডাব পাড়ান। এর মধ্যে প্রতিবেশী আজিজুলের গাছের ডাবও ছিল। পরে ডাবগুলো একত্র করে রাবেয়া ও আজিজুলের পরিবারের মধ্যে ভাগাভাগি করা হয়। তবে এ নিয়ে আজিজুল সন্তুষ্ট না হওয়ায় তাঁরা কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আজিজুল উত্তেজিত অবস্থায় মামুনের বাড়িতে যান। এ সময় তাঁর ঘরের টিন ও অটোরিকশা ভাঙচুর করেন আজিজুল। গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় স্থানীয় গণমান্য ব্যক্তিরা মীমাংসা করতে চাইলেও আজিজুল তা মানেননি।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, আজ শুক্রবার বেলা ১১টার দিকে মামুন মিয়াকে কল করে মীমাংসার কথা বলে পাশের ইটভাটায় ডেকে নেন আজিজুল। মামুন সেখানে যাওয়ার পরপরই তাঁর বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি। পরে তাঁর চিৎকারে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। তাঁরা দ্রুত মামুনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের উদ্দেশে রওনা হন। তবে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদা গুলশানারা কবির বলেন, ধারালো অস্ত্রের আঘাতে নিহত তরুণকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়। তাঁর বুক–পিঠসহ অন্তত তিন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।