তাঁরা বাসে আসতেন, সুযোগ বুঝে মিছিল করতেন, এরপর অন্য বাসে আগুন দিতেন, দাবি পুলিশের

সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় শুক্রবার রাতে মশালমিছিলের সময় ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসের সামনে লাগানো ‘হানিফ পরিবহন’-এর নকল ব্যানার। সেই বাসে করেই বিভিন্ন এলাকায় আসতেন কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের নেতা-কর্মীরা। এরপর সুযোগ বুঝে মহাসড়কে ঝটিকা মিছিল ও মশালমিছিল করতেন। অগ্নিসংযোগের জন্যও ব্যবহার করা হতো বাসটি। এমন দাবি করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় মশালমিছিলের সময় বাসটি জব্দ করে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সাভার মডেল থানার পুলিশ জানায়, চলতি মাসে সাভারে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বেশ কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা কয়েকটি ঝটিকা মিছিল করেন। এসব ঘটনায় হানিফ পরিবহনের নকল স্টিকার লাগানো একটি বাস ব্যবহারের তথ্য পায় পুলিশ। গতকাল রাত নয়টার দিকে ওই বাসে করে ব্যাংক টাউন এলাকায় এসে একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা এবং মশালমিছিলের পরিকল্পনা ছিল বলে পুলিশের দাবি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, হানিফ পরিবহনের নকল ব্যানারযুক্ত একটি বাস ব্যবহার করে নাশকতাকারীরা বিভিন্ন জায়গায় এসে মশালমিছিল করেন, বিভিন্ন বাসে অগ্নিসংযোগ করেন। এ ছাড়া ব্যানার–ফেস্টুন নিয়ে ঝটিকা মিছিল করে মুহূর্তের মধ্যে ওই বাসে করে চলে যান, এমন তথ্য পুলিশের কাছে ছিল। তিনি বলেন, গতকাল রাতে তাঁরা একইভাবে ব্যাংক কলোনি এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করেন। তখন ওই এলাকায় থাকা পুলিশের একটি দল সেখানে পৌঁছানোয় তাঁরা অগ্নিসংযোগ করতে পারেননি। ওই বাস জব্দসহ বাসের মালিক তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবি।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা রাজফুলবাড়িয়া এলাকায় মশালমিছিল করছেন, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মশাল, মিছিলের সরঞ্জামাদি ও একটি ব্যানার উদ্ধার করা হয়।

রাতে পৃথক স্থানে তিন বাসে আগুন

এদিকে গতকাল শুক্রবার দিবাগত রাতে সাভার ও আশুলিয়ার পৃথক তিনটি স্থানে দাঁড় করিয়ে রাখা তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল বলেন, রাত দেড়টার দিকে বলিভদ্র এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হিনো নামের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। রাত সাড়ে চারটার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা আলিফ পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। স্থানীয় নারী ও শিশু হাসপাতালের অগ্নিনির্বাপণব্যবস্থার সহায়তায় আগুন নেভানো হয়।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, রাত সোয়া তিনটার দিকে ব্যাংক টাউন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা পোশাকশ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।