জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে দ্রব্যমূল্যে প্রভাব পড়বে না, হিসাব দেখালেন বাণিজ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ শহরের জিয়া হল প্রাঙ্গণে বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বস্ত্র, পাট ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরেছবি: প্রথম আলো

ডিজেলসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়বে বলে না মন্তব্য করেছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। উদাহরণসহ হিসাব দেখিয়ে তিনি বলেছেন, প্রতি লিটার ডিজেলে যে পরিমাণ মূল্যবৃদ্ধি পেয়েছে, তাতে মূল্যস্ফীতি ঘটার মতো অবস্থা তৈরি হয়নি। পণ্য পরিবহনের খরচও পণ্যের মূল্যবৃদ্ধি ঘটাবে না।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের জিয়া হল প্রাঙ্গণে বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। এর আগে তিনি গোদনাইলে অবস্থিত চিত্তরঞ্জন টেক্সটাইল মিল পরিদর্শন করেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আর পণ্যের দাম নিয়ে উদাহরণসহ হিসাব দেখান বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, ঢাকা থেকে চট্টগ্রাম যেতে একটি ট্রাকে ৩০ লিটার ডিজেল লাগে। একটি ট্রাকে ৩০ লিটার তেলের জন্য মূল্যবৃদ্ধি ঘটবে সাড়ে ৪০০ টাকা। ট্রাকে পণ্য থাকবে ১০ হাজার কেজি। ১০ হাজার কেজিকে যদি ৪৫০ দিয়ে ভাগ করা হয়, প্রতি কেজিতে ৪৫ পয়সার বেশি বৃদ্ধি ঘটে না। মন্ত্রী বলেন, ‘কেউ যদি বলে তেলের মূল্যবৃদ্ধির কারণে পণ্যের মূল্যবৃদ্ধি পেয়েছে, তাহলে আমার কথাটির প্রকৃত তথ্য উপস্থাপন করে আপনারা সেটার কাউন্টার দেবেন।’

কেউ যাতে পণ্যের অহেতুক মূল্যবৃদ্ধি না করতে পারে, সে জন্য সাংবাদিকদের প্রকৃত তথ্য উপস্থাপন করার আহ্বান জানিয়ে খন্দকার আবদুল মুক্তাদির। রপ্তানির মন্দা ভাব প্রসঙ্গে তাঁর ভাষ্য, এটা হঠাৎ করে তৈরি হয়নি। বৈশ্বিক মন্দাভাব তৈরি হয়েছে, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের পর থেকে। সেটা আরেকটু বেড়েছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে। যুদ্ধের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ হয়েছে বা নিয়ন্ত্রিত হয়েছে। পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধি পেয়েছে। তবে আগামী দিনে বেশি বেশি বিনিয়োগ আকৃষ্ট করা হবে।

গ্যাস সরবরাহের ব্যবস্থাপনায় বিদ্যুতের পর ব্যক্তি খাতের কলকারখানায় অগ্রাধিকার দেওয়া হয়েছে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বিদ্যুতের পরই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে ব্যক্তি খাতের কলকারখানাগুলো চালু রাখার জন্য। সুতরাং গ্যাসের সরবরাহ মিলকারখানাগুলোতে আগের তুলনায় যে কমেছে, এটা কিন্তু ঠিক নয়। কিন্তু সামগ্রিক চাহিদা মেটানোর জন্য যে পরিমাণ গ্যাস দরকার, সেটি দুই বছর, তিন বছর, চার বছর আগে যা ছিল, এখনো তা–ই আছে। এটির নাটকীয় বৃদ্ধির জন্য গ্যাস সরবরাহের সক্ষমতায় বৃদ্ধি করা দরকার। এলএনজি আমদানি বৃদ্ধি করা দরকার, এই লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, ‘আমরা উত্তরাধিকার সূত্রে গ্যাসের সরবরাহ কম পেয়েছি। দুই মাসে নতুন করে পরিস্থিতি তৈরি হয়নি। এলএনজি আমদানিতে সরকার উদ্যোগ নিয়েছে। ’

পাট খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রী। একসময় পাট দেশের প্রধান রপ্তানিকারক পণ্য ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে দেশের পাটবীজ অন্য দেশ থেকে আসে। আমরা একটি ক্রাশ প্রোগ্রাম নিয়েছি, যাতে স্বল্পতম সময়ে পাটবীজ আমাদের দেশে উৎপাদন করা যায়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান, পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নুরুল বাসির, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসনিম আক্তার প্রমুখ।