ফতুল্লায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৫
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদেরকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ রোববার বেলা একটার দিকে ফতুল্লার রামারবাগ এলাকায় দোতলা বাড়ির নিচতলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রিয়াদ প্রথম আলোকে জানান, ফতুল্লায় দগ্ধ আল আমিনের (৩০) শরীরের ৯৫ শতাংশ, তাঁর স্ত্রী সুখী আক্তারের (২৫) শরীরের ৯৮ শতাংশ ও রফিক মিয়ার (৩৫) শরীরের ৯২ শতাংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া অপর দুজন আলেয়া বেগম (৬০) ও জামাল হোসেনের (৪৫) শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
দগ্ধ আল আমিনের চাচাতো ভাই মো. রাসেল প্রথম আলোকে বলেন, তাঁর ভাই আল আমিন ও তাঁর স্ত্রী সুখী আক্তার রামারবাগ এলাকায় দোতলা একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। তাঁরা দুজনই তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। আজ সকালে তাঁরা কর্মস্থলে চলে যান। দুপুরের বিরতিতে বাসায় খাবার খেতে এসে তরকারি গরম করতে চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় তাঁদের শরীর আগুনে পুড়ে যায়।
রাসেল আরও বলেন, ধারণা করা হচ্ছে গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আল আমিন ও সুখী আক্তারের সঙ্গে দগ্ধ হয়েছেন পাশের রুমের আলেয়া বেগম, রফিক ও জামাল হোসেন।
ভুক্তভোগী ব্যক্তিদের পরিবারের বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, দগ্ধ সবাইকে বেলা আড়াইটার দিকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।