নাটোরে বিকল হওয়া একতা ট্রেনের ইঞ্জিন তিন ঘণ্টা পর সচল, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইঞ্জিন বিকল হয়ে তিন ঘণ্টা নাটোর রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন। সোমবার সন্ধ্যায়
ছবি: প্রথম আলো

নাটোর রেলস্টেশনে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটি তিন ঘণ্টা পর সচল হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে ছিল।

রাত ৮টা ৩৬ মিনিটে আবদুলপুর থেকে বিকল্প ইঞ্জিন আনার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এর আগে ট্রেনটি কখন, কীভাবে ছাড়বে, সে ব্যাপারে কিছুই বলতে পারছিল না কর্তৃপক্ষ।

নাটোর রেলস্টেশন সূত্রে জানা গেছে, একতা এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৫টা ৩৩ মিনিটে নাটোর রেলস্টেশনে এসে পৌঁছায়। পাঁচ মিনিট বিরতির পর গন্তব্যের উদ্দেশে ছেড়ে যেতে ট্রেনটি চালু করা হয়। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ইঞ্জিন (নম্বর-৬৫০৪) বিকল হয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায়। রাত সাড়ে আটটা পর্যন্ত ট্রেনটি নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে ছিল। পরে আটটা ৩৬ মিনিটে নাটোরের আবদুলপুর থেকে একটি অতিরিক্ত ইঞ্জিন এনে লাগানোর পর ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায়।

নাটোর রেলস্টেশনের স্টেশনমাস্টার কামরুন্নাহার প্রথম আলোকে বলেন, একতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। প্রায় তিন ঘণ্টা পর ৮টা ৩৬ মিনিটে আবদুলপুর থেকে বিকল্প ইঞ্জিন আনার পর ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে সন্ধ্যায় কামরুন্নাহার বলেছিলেন, ট্রেনের ইঞ্জিন চালু করার চেষ্টা করছেন চালক। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। বিকল্প ইঞ্জিন আসবে কি না, তা–ও তিনি জানেন না।

এদিকে দীর্ঘ সময় ট্রেনটি দাঁড়িয়ে থাকায় দুর্ভোগ পোহায় শত শত যাত্রী। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েন।

সন্ধ্যা সাতটার দিকে পঞ্চগড়গামী যাত্রী মহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ট্রেনটি এমনিতেই প্রায় এক ঘণ্টা দেরিতে চলছিল। ইঞ্জিন বিকল হওয়ায় এ বিলম্ব কত দীর্ঘ হবে, সেই দুশ্চিন্তায় আছি।’ শোভন বগির যাত্রী আঞ্জুয়ারা বেগম বলেছিলেন, ট্রেনটির কী সমস্যা কিছুই কর্তৃপক্ষ জানাচ্ছে না। তাঁরা শিশুদের নিয়ে উৎকণ্ঠায় সময় পার করছেন।