ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

শহরের বিভিন্ন এলাকা থেকে পৌরসভার ট্রাক ও ভ্যানে প্রতিদিন ৩৫ টন আবর্জনা সংগ্রহ করা হয়।

গত শুক্রবার বিকেলে টাঙ্গাইল পৌরসভার রাবনা এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল পৌরসভায় আবর্জনা ফেলার জায়গা নেই। নেই পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। শহরে প্রবেশের দুই মুখে প্রতিদিন প্রায় ৩৫ টন ময়লা–আবর্জনা ফেলা হয়। এই ময়লা–আবর্জনার দুর্গন্ধে স্থানীয় লোকজন দুর্ভোগ পোহাচ্ছেন। এই পরিস্থিতিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি জানিয়েছে নাগরিক সমাজ।

পৌরসভা সূত্র জানায়, প্রায় দেড় শ বছরের পুরোনো এই পৌরসভার আধুনিক আবর্জনা ব্যবস্থাপনা গড়ে তোলা তো দূরের কথা, আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়নি এখনো। শহরের সব আবর্জনা প্রায় ১০ বছর ধরে ফেলা হচ্ছে উত্তর দিক দিয়ে শহরের প্রবেশদ্বার রাবনা বাইপাসের টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাশে এবং দক্ষিণ দিক দিয়ে শহরের প্রবেশের পর কাগমারী সেতুর কাছে রাস্তার পাশে।

গত শুক্রবার বিকেলে রাবনা এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার পাশে প্রায় ৩০০ মিটার এলাকায় আবর্জনা ফেলা হচ্ছে। দুর্গন্ধে সেখানে দাঁড়ানো যায় না। ওই এলাকা অতিক্রম করার সময় নাক চেপে যেতে হয়।

টাঙ্গাইল পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা আনিসুর রহমান জানান, শহরের বিভিন্ন এলাকা থেকে পৌরসভার ট্রাক ও ভ্যানে প্রতিদিন প্রায় ৩৫ টন আবর্জনা সংগ্রহ করা হয়। এসব আবর্জনা রাবনা বাইপাস এলাকা এবং কাগমারী সেতুর কাছে রাস্তার পাশে ফেলা হয়।

মেয়র এস এম সিরাজুল হক বলেন, ‘আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ময়লা ফেলার ভাগাড় করার জন্য প্রয়োজনীয় জায়গা পৌরসভার নেই। জেলা প্রশাসনের কাছে জায়গা চাওয়া হয়েছে। জায়গা পেলে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।’