স্ত্রীকে সহযোগিতা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীও মারা গেলেন
স্বামী-স্ত্রী মিলে ঝড়ে ভেঙে পড়া সুপারিগাছের গোড়া কেটে হাত দিয়ে টানছিলেন। গাছের পাশ দিয়ে বিদ্যুতের লাইন টানানো। একপর্যায়ে গাছটি বিদ্যুতের লাইনের ওপর পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান।
মৃত ব্যক্তিরা হলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের বাসিন্দা মইন উদ্দিন (৬৫) ও তাঁর স্ত্রী এষ্ণু বিবি (৪৫)। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
বিকেল সাড়ে পাঁচটার দিকে জুড়ী থানায় গিয়ে দেখা যায়, অ্যাম্বুলেন্সের ভেতর স্বামী-স্ত্রীর লাশ রাখা। পাশে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন তাঁদের ছোট মেয়ে ফাজিলের শিক্ষার্থী ফরিদা বেগম। আত্মীয়স্বজন তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
ফরিদা বেগম প্রথম আলোকে বললেন, তাঁদের বসতঘরের পেছনে একটি সুপারিগাছ কিছুদিন আগে ঝোড়োবাতাসে ভেঙে যায়। আজ বেলা সাড়ে তিনটার দিকে তাঁর মা এষ্ণু বিবি দা দিয়ে গাছটির গোড়া কাটেন। একা গাছটি টেনে আনতে পারছিলেন না। এরপর বাবা মইন উদ্দিন মাকে সহযোগিতা করতে যান। এরই মধ্যে গাছের আগা বিদ্যুৎ লাইনের ওপর পড়ে যায়। তিনি কাছাকাছি ছিলেন। এ অবস্থা দেখে মা-বাবাকে সরে আসতে চিৎকার করছিলেন। কিন্তু তাঁদের সাড়া মিলছিল না। পরে আশপাশের লোকজন ছুটে যান। এরপর সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ লাইনটি বন্ধ করে।
ফরিদা কেঁদে কেঁদে বললেন, ‘চোখের সামনে আম্মু-আব্বুর মৃত্যু দেখলাম। সন্তান হিসেবে এটা কত যে কষ্টের তা বলতে পারব না।’
ফরিদা আরও বলেন, তাঁরা চার বোন ও এক ভাই। বড় ভাই কাতারে থাকেন। তিন বোনের বিয়ে হয়ে গেছে। বাড়িতে মা-বাবা, বড় ভাইয়ের স্ত্রী ও তিনি থাকতেন।
দক্ষিণ সাগরনাল এলাকার ওই স্থানে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) আওতায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় সমাই বাজার কার্যালয়ের ইনচার্জ ফারুক আহমদ বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা দ্রুত ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন।
জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবীর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুঠোফোনে বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হবে।