ঘাটাইলে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিপেটা, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা করে ছাত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলের কলেজ মোড় এলাকায়
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা করেছে পুলিশ। এতে চার নেতা-কর্মী আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে ঘাটাইল কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চারজন হলেন পৌর যুবদলের সভাপতি সাদিক টিটু, দেওপাড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব জুয়েল রানা, সাগরদীঘি ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মুশফিকুর রহিম ও পৌর ছাত্রদলের আহ্বায়ক বিজয় হাসান। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান বলেন, তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করে উপজেলা বিএনপি। মিছিলটি ঘাটাইল কলেজ মোড় এলাকায় পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশ শুরু করে। এ সময় এলোপাতাড়ি লাঠিপেটা শুরু করে পুলিশ। এতে চারজন আহত হয়েছেন।

সমাবেশে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আনোয়ারুল আজিম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

ঘাটাইল থানার উপপরিদর্শক পলাশ আহমেদ বলেন, লাঠিপেটা করা হয়নি। বিএনপির নেতা-কর্মীরা উপজেলা পরিষদের ভেতরে একত্র হওয়ার চেষ্টা করছিলেন। তাঁদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।