সীতাকুণ্ডে এক নারীকে গলা কেটে হত্যা, আটক ৩
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামে সাইমা আক্তার (২০) নামের এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
সাইমার লাশ ঘরের পাশে পুকুরপাড়ে পড়ে ছিল। স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর থানায় নিয়ে যায়। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
সাইমা উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের দিদারুল আলমের স্ত্রী। দিদারুল ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকার একটি হাসপাতালে কাজ করেন।
পুলিশ জানিয়েছে, সাইমা হত্যাকাণ্ডের এখন পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ কারণে শ্বশুরবাড়ির তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, সাইমাকে গলা কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সময় তাঁর স্বামী কর্মস্থলে ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় নিহত নারীর পরিবারের সদস্যরা থানায় এলে হত্যা মামলা করা হবে।