কলাপাড়ায় চিকিৎসক ও নার্সের শাস্তির দাবিতে আইনজীবী কল্যাণ সমিতির মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়ায় চিকিৎসক ও নার্সের শাস্তির দাবিতে মানববন্ধন। আজ সোমবার দুপুরে উপজেলা প্রেসক্লাবের সামনে
ছবি: প্রথম আলো

চিকিৎসক-নার্সের অবহেলায় স্বপন সিকদার নামের এক রোগীর মৃত্যুর অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে উপজেলা আইনজীবী কল্যাণ সমিতি। এ কর্মসূচিতে স্বপন সিকদারের স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. জুনায়েদ হোসেন লেলিন ও জ্যেষ্ঠ নার্স আসমা বেগমের শাস্তির দাবি জানান।

আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এ কর্মসূচি পালিত হয়। স্বপন সিকদার আইনজীবীর ব্যক্তিগত চেম্বারের সহকারী ছিলেন।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, গত ২১ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত স্বপন সিকদারকে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জরুরি বিভাগে তখন কর্মরত চিকিৎসক জুনায়েদ হোসেন (আরএমও) রোগীকে দেখে তাঁর মালিকানাধীন ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্যপরীক্ষার জন্য পাঠান। সেখানে পরীক্ষা করিয়ে রিপোর্ট নিয়ে এসে চিকিৎসককে দেখালেও চিকিৎসক জুনায়েদ হোসেনের চিকিৎসা শুরু না করায় একপর্যায়ে স্বপন সিকদার বিনা চিকিৎসায় মারা যান।

রোগীর স্বজনদের অভিযোগ, সঠিক সময়ে চিকিৎসক চিকিৎসা শুরু করলে স্বপনের মৃত্যু হতো না। তাঁরা এ জন্য চিকিৎসক জুনায়েদ হোসেন ও নার্স আসমাকে দায়ী করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও কলাপাড়া থেকে বদলির দাবি জানান।

পটুয়াখালীর কলাপাড়ায় চিকিৎসক ও নার্সের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আইনজীবী নুরুজ্জামান সিকদার
ছবি: প্রথম আলো

সমাবেশে বক্তব্য দেন আইনজীবী খন্দকার নাসির উদ্দিন, মো. সাইদুর রহমান, জেড এম কাওসার, নুরুজ্জামান সিকদার, আইনজীবী সহকারী মো. এনামুল হক, আবদুল হাই হাওলাদার, আবুল কালাম গাজী, হাফিজুর রহমান প্রমুখ।

মানববন্ধন শেষে স্বপন সিকদারের পরিবারের সদস্যরা কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ সময় স্বপনের স্ত্রী শিলা বেগম তাঁর স্বামীর বিনা চিকিৎসায় মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানান।

অভিযোগের ব্যাপারে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও জুনায়েদ হোসেন লেলিন বলেন, ‘আমি রোগীকে যথাযথ এবং প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। আমার একটুও অবহেলা ছিল না। এত দিন পর আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা ঠিক নয়।’