পাটুরিয়ায় নদী পারের অপেক্ষায় থাকা অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে কয়েকদিন ধরে পদ্মায় ফেরি চলাচল ব্যহত হচ্ছে
ফাইল ছবি: প্রথম আলো

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় থাকা একটি অ্যাম্বুলেন্সের এক রোগীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ছয়টার দিকে পাটুরিয়ার ৪ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই রোগীর নাম নজরুল ইসলাম মণ্ডল (৬৫)। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার মৃত নবী মণ্ডলের ছেলে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক সালাম মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয় ও ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের সাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। রাতে ঢাকার বক্ষব্যাধি হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে নজরুল ইসলামকে নিয়ে গাংনীতে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন স্বজনেরা। শনিবার দিবাগত রাত তিনটার দিকে পাটুরিয়ার ৪ নম্বর ফেরিঘাটে এসে আটকা পড়ে। সকাল ছয়টার দিকে কনকনে শীতের মধ্যে নজরুল ইসলাম মারা যান।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক সালাম মিয়া বলেন, ঘন কুয়াশার কারণে শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে রোববার সকাল সাড়ে সাতটা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। ৪ নম্বর ঘাটে নদী পারাপারের অপেক্ষায় থাকা একটি অ্যাম্বুলেন্সের ভেতর ওই রোগী মারা যান। সকাল সাড়ে সাতটায় ফেরি চলাচল শুরু হলে স্বজনেরা অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ গ্রামের বাড়ি নিয়ে যান।