রাজবাড়ীতে পুলিশ হেফাজতে থাকা আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যু
প্রতীকী ছবি

রাজবাড়ীতে আসামিকে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এক ব্যক্তি মারা গেছেন। রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক এ সময় তাঁকে মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির নাম আলমগীর হোসেন মিজি (৪৫)।

তাঁর বাবার নাম আবদুল মতিন। আলমগীর রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা এলাকার বাসিন্দা।

আলমগীরের ভাতিজা ফজলুল হক বলেন, আলমগীর ট্রাকের চালকের সহকারী ছিলেন। তাঁর একটি মেয়ে আছে। স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গেছে। মেয়েটি তার মায়ের সঙ্গে থাকে।

গতকাল সকালে বাড়ির পাশে শেখ ফরিদ হোটেলের সামনে স্থানীয় কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন আলমগীর। সেখান থেকে খানখানাপুর থানার এক উপপরিদর্শক (এসআই) তাঁকে আটক করে নিয়ে যান। রাত আটটার দিকে আলমগীরের বাড়িতে পুলিশ যায়। পুলিশ আলমগীর সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে।

রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক মমিনুল ইসলাম বলেন, দুটি মাদক মামলায় আলমগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দুপুরে তাঁকে আদালতে নিয়ে আসা হয়। আগামী ৪ জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়। তিনি পুলিশ হেফাজতে ছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আলমগীর অসুস্থ হয়ে পড়েন। কয়েকজন তাঁর মাথায় পানি দেন।

বিষয়টি জানার পর তাঁকে বাইরে খোলা বাতাসে নিয়ে আসা হয়। কিন্তু তিনি উঠে দাঁড়াতে পারছিলেন না। তাঁকে সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক শেখ মোহাম্মদ আবদুল হান্নান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তি মারা যান।