ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাসভাড়া কমিয়ে ৫০ টাকা করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। আজ বুধবার নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নে
প্রথম আলো

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পরিবহন সিন্ডিকেট অযৌক্তিকভাবে বাসভাড়া ৬০ টাকা করেছে বলে অভিযোগ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। সেটি কমিয়ে ৫০ টাকা ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। দ্রুত সংকট সমাধান না হলে উদ্ভূত পরিস্থিতির জন্য জেলা প্রশাসন ও সরকার দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি। সংগঠনের সদস্যসচিব ধীমান সাহার সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, বাসদের সমন্বয়ক নিখিল দাস, খেলাঘর আসর জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী, সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, সদস্য পপি রানী সরকার প্রমুখ।

লিখিত বক্তব্যে রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জে বাসভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নৈরাজ্য চলছে। পরিবহনমালিকেরা বিশেষ গোষ্ঠীর পক্ষ হয়ে সিন্ডিকেট করে বছরের পর বছর নারায়ণগঞ্জের মানুষকে জিম্মি করে রেখেছেন। এ নিয়ে বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রাম হয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া নন-এসিতে ২০ ও এসিতে ১৫ টাকা বাড়িয়ে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে। সরকার নির্ধারিত ভাড়ার সঙ্গে যা অসামঞ্জস্যপূর্ণ।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পরিবহনমালিকেরা কারসাজি করে নন-এসির ভাড়া ৬০ টাকা এবং এসির ভাড়া ৮০ টাকা নির্ধারণ করেছেন।

রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জের ১ নম্বর রেলগেট বাস টার্মিনাল থেকে ঢাকার জিরো পয়েন্টের দূরত্ব ১৮ কিলোমিটার। আর ঢাকা থেকে সানারপাড় হয়ে নারায়ণগঞ্জে আসতে দূরত্ব এক কিলোমিটার বেড়ে হয় ১৯ কিলোমিটার। গড়ে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব সাড়ে ১৮ কিলোমিটার। বিআরটিএ নতুন নির্ধারিত ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪০ পয়সা হিসাবে সাড়ে ১৮ কিলোমিটারে দাঁড়ায় ৪৪ টাকা ৪০ পয়সা। মেয়র হানিফ ফ্লাইওভারের টোল ৫ টাকা যুক্ত করে মোট ভাড়া ৪৯ টাকা ৪০ পয়সা। কিন্তু পরিবহনমালিকেরা কারসাজি করে নন-এসির ভাড়া ৬০ টাকা এবং এসির ভাড়া ৮০ টাকা নির্ধারণ করেছেন।

আরটিসির চেয়ারম্যান জেলা প্রশাসককে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ভাড়া ৫০ টাকা নির্ধারণসহ জেলার সব রুটে ভাড়া নির্ধারণের দাবি জানান রফিউর রাব্বি। একই সঙ্গে এই রুটের বিআরটিসি বাসভাড়া ৫০ টাকা থেকে কমিয়ে ৪৫ টাকা এবং এই রুটে পুনরায় এসি বাস চালুর দাবি জানান।

তবে নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস ও দূরপাল্লার বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রওশন আলী সরকার দাবি করেন, তাঁরা ৬৫ টাকা ভাড়া নিলেও ৫ টাকা কমিয়ে ৬০ টাকা করেছেন। সানারপাড় হয়ে ৩ কিলোমিটার বেড়ে রুটের দূরত্ব ২৩ কিলোমিটার বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে আরটিসির চেয়ারম্যান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ প্রথম আলোকে বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে। দূরত্বের বিষয়ে চলতি সপ্তাহে বসে ভাড়া নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

এর আগে ২০১১ সালে জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে বাসভাড়া ২২ টাকা থেকে বাড়িয়ে ৩১ টাকা করে পরিবহন মালিক সমিতি। বাসভাড়া কমানোর দাবিতে আন্দোলনে নামে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। আরটিসির সভায় তৎকালীন সংসদ সদস্য সারাহ বেগম কবরী ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সংগঠনটি ভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জে হরতালের ডাক দেয়। দুই দফায় ৩১ টাকা থেকে ৪ টাকা ভাড়া কমিয়ে ২৭ টাকা করা হয়েছিল। ২০২১ সালের নভেম্বরে তেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ালে পরিবহনমালিকেরা ভাড়া ৩৬ টাকা বাড়িয়ে ৫০ টাকা আদায় করা শুরু করেন। যাত্রী অধিকার ফোরাম আন্দোলন করলে আরটিসির সভায় এই রুটে ভাড়া ৫ টাকা কমিয়ে ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।