নেত্রকোনায় টার্মিনালে রাখা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নেত্রকোনায় টার্মিনালে রাখা বাসটি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত পৌনে তিনটার দিকে পৌরসভার কমলপুর এলাকার বাস টার্মিনালে হিরণ এন্টারপ্রাইজের বাসটিতে আগুন দেওয়া হয়। এতে বাসের ভেতরের সিটসহ অধিকাংশ পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।

হিরণ এন্টারপ্রাইজের মালিক হিরণ মিয়ার বড় ভাই রুবেল মিয়া আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বলেন, বাসটি প্রতিদিন কেন্দুয়া থেকে চট্টগ্রামে যাত্রী নিয়ে যায়। গতকাল বুধবার রাতে যাত্রী না থাকায় বাস টার্মিনালে রাখা ছিল। ওই দিন রাত পৌনে তিনটার দিকে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসের অধিকাংশ পুড়ে যায়।

এ ব্যাপারে জেলা পুলিশের মুখপাত্র (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান প্রথম আলোকে মুঠোফোনে বলেন, গতকাল বুধবার রাত পৌনে তিনটার দিকে কেন্দুয়ায় দুর্বৃত্তরা হিরন এন্টারপ্রাইজের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বাসচালকের সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।