পুলিশের হাত থেকে বাঁচতে ডোবায় লাফ, কাদায় পাঁচ ঘণ্টা আটকা, অতঃপর যা হলো
পুলিশের হাত থেকে পালাতে গিয়ে ডোবায় লাফ দিয়ে কাদায় প্রায় পাঁচ ঘণ্টা আটকে থাকেন এক ছিনতাইকারী। এ সময় তাঁকে ধরতে গেলে রামদা দিয়ে ভয় দেখান তিনি। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দীর্ঘ সময় পর তাঁকে উদ্ধারের পর গ্রেপ্তার করে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকার স্কাইভিউ টাওয়ার–সংলগ্ন একটি ডোবায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মো. রুবেলের বিরুদ্ধে মাদক, ডাকাতির প্রস্তুতি, ছিনতাইসহ অন্তত আটটি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আজ দুপুর ১২টার দিকে রুবেলকে ধরতে অভিযানে যায় হালিশহর থানা–পুলিশ। এ সময় বসুন্ধরা আবাসিক এলাকার একটি দোকান থেকে তাঁকে ধাওয়া করলে তিনি দৌড়ে একটি ভবনে উঠে পড়েন। সেখান থেকে নেমে পাশের একটি ডোবায় লাফ দেন। ডোবায় কাদার মধ্যে কোমর পর্যন্ত আটকে পড়েন তিনি।
পুলিশ তাঁকে উঠে আসতে বললেও তিনি কাদার মধ্যে গড়াগড়ি করতে থাকেন। খবর ছড়িয়ে পড়লে আশপাশে উৎসুক মানুষের ভিড় জমে।
একপর্যায়ে রুবেলের স্ত্রী একটি ছাতার আড়ালে তাঁকে একটি ধারালো রামদা দেন বলে জানা গেছে। পরে ছাতা সরাতেই রুবেল রামদা হাতে নিয়ে উপস্থিত পুলিশ সদস্যদের ভয় দেখাতে থাকেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। কাদায় আটকে থাকায় তাঁকে তাৎক্ষণিকভাবে আটক করতে পারেনি পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একটি দলকে খবর দেওয়া হয়। তবে হাতে রামদা থাকায় রুবেল আত্মহত্যার হুমকিও দিতে থাকেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা থাকায় রুবেলকে ধরতে গেলে তিনি পালিয়ে ডোবায় পড়ে যান। পরে রামদা দিয়ে আত্মহত্যার হুমকি দেন। শেষ পর্যন্ত তাঁর বাবা ও ভাইয়ের মাধ্যমে বুঝিয়ে প্রায় পাঁচ ঘণ্টা পর তাঁকে ডোবা থেকে উঠিয়ে আনা হয়।’
পরে রুবেলকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।